নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বক্তাবলী ইউনিয়নের আকবর নগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং ধলেশ্বরী নদীর তীরের ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তাবলী ইউনিয়নের কর্মী ছামেদ আলীর সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের বিরোধ চলে আসছিল। গত ১০ অক্টোবরও দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।
ওই ঘটনার জেরে আজ সকালে নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই ও তার লোকজন ছামেদ আলীর পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে বিএনপি নেতা হালিম আজাদ ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের এককর্মীকে রাস্তায় প্রতিপক্ষের লোকজন মারধর করে। এ নিয়ে উত্তেজনা বাড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
এ বিষয়ে জানতে আওয়ামী লীগকর্মী ছামেদ আলীকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি।
শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল কাদির বলেন, ‘সকালে হালিম আজাদের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় একজন গুলিবিদ্ধ হন।
তিনি বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাদের দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানালে আমাদের ওপর হামলা শুরু করে।’অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন বলেন, আধিপত্য নিয়ে পুরোনো দ্বন্দ্বের জেরে আজ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় অন্তত আটজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।