বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া হবে না। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মো. আসাদুজ্জামান আরও বলেন, দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চলছে। দলের কঠিন সময়ে তারা পাশে থাকবে না। আরও পড়ুন আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা বিবেচনাধীন : আইনমন্ত্রী ২১ নভেম্বর ২০২৬ তার অভিযোগ, এসব ব্যক্তির কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করছে এবং দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। গত ১৭ বছরেও তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।