1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা বাণিজ্য চুক্তি হলে ভারতের পণ্যে মার্কিন শুল্ক ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ: ইউএসটিআর ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা ৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক এটি। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা গেছে, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার পরেশ সাগর মাঠসংলগ্ন প্রায় ৩ একর ১৮ শতাংশ জমির ওপর গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০২০-২১ অর্থবছরে এর নির্মাণকাজ শুরু হয়। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দুটি প্রযুক্তি বিভাগ নিয়ে শুরু হয়েছে এর শিক্ষা কার্যক্রম। বিভাগ দুটি হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর্কিটেকচার টেকনোলজি। প্রতিটি বিভাগে আসন রয়েছে ৫০টি করে। প্রতিষ্ঠানটিতে প্রথম পর্যায়ে ৪৮ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আরও দুটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। তখন মোট চারটি বিভাগে ২০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরি হবে।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শুধু সনদ অর্জন নয়, দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করাই এ শিক্ষার অন্যতম লক্ষ্য। এমন বাস্তবতায় বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষিণাঞ্চলের মেয়েদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

প্রথম বর্ষের শিক্ষার্থী পিরোজপুরের ফারজানা আক্তার বলেন, বরিশাল বিভাগে মেয়েদের জন্য এমন একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এখানকার আবাসন ও পড়াশোনার পরিবেশও ভালো। করিগরি এ শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা পুরুষের পাশাপাশি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।

আরেক শিক্ষার্থী লামিয়া জানান, দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা থাকায় পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ ও সুযোগ-সুবিধা তাদের সন্তুষ্ট করেছে। প্রযুক্তি খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে আগ্রহী মেয়েদের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কর্মক্ষেত্রে প্রবেশের স্বপ্ন দেখছেন, আবার কেউ প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চান। তাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মেয়েরা প্রযুক্তি শিক্ষায় আরও আগ্রহী হয়ে উঠবেন।

প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষক মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার দেশের চারটি বিভাগে চারটি সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যার একটি বরিশালে। এখানে শিক্ষার্থীদের আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করে মেয়েরা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত হতে পারবেন। এমনকি ঘরে বসেও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, আগামী বছর থেকে সিভিল টেকনোলজি ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি চালুর পরিকল্পনা রয়েছে। এসব বিভাগ চালু হলে দক্ষিণাঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার মেয়েরাও এখানে পড়াশোনার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক সুমন হোসেন জানান, বর্তমানে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হয়। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পাঠদান চলছে। ল্যাবের প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছালেও ভবনের কিছু কাজ বাকি থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ল্যাব চালু করা সম্ভব হয়নি। আপাতত অ্যাকাডেমিক ভবনের নিচতলায় পদার্থবিজ্ঞান ও রসায়নের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে। অবশিষ্ট কাজ শেষ হলে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ব্যবহারিক শিক্ষার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামসুন নাহার গণমাধ্যমকে বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মেয়েরা কারিগরি দক্ষতা অর্জন করে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবেন। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বর্তমানে দুটি প্রযুক্তি বিভাগে ৫০টি করে আসন রয়েছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক আবাসনব্যবস্থা এবং অ্যাকাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী পদ সৃষ্টির প্রক্রিয়া এখনো চলমান। বর্তমানে সংযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মেয়েদের জন্য কারিগরি শিক্ষার এই নতুন প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার সম্ভাবনাও তৈরি করেছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, পূর্ণাঙ্গ ল্যাব চালু এবং পরিকল্পিতভাবে নতুন বিভাগ সংযোজন করা গেলে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ অঞ্চলের নারী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ করা হয়েছে ছয়টি বহুতল ভবন ও একটি একতলা ভবন। এর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন, চারতলা বিশিষ্ট ২০০ আসনের ছাত্রীনিবাস, পাঁচতলা বিশিষ্ট ২০ ইউনিটের শিক্ষক ডরমেটরি, তিনতলা বিশিষ্ট ছয় ইউনিটের স্টাফ কোয়ার্টার এবং অধ্যক্ষের বাসভবন। পাশাপাশি রয়েছে শহীদ মিনার, নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, দুটি আধুনিক প্রবেশগেট ও সীমানাপ্রাচীর।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮ জন দায়িত্ব পালন করছেন। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদ সৃষ্টির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ২০২০ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। কিছু আনুষঙ্গিক কাজ, লিফট স্থাপন ও অন্যান্য কার্যক্রম বাকি রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করছেন তারা।

তিনি বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি উচ্চশিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্থাপত্য ও শিল্প খাতের দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে।

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে GPA ২.০০ সহ মোট GPA ৩.০০ থাকতে হবে।

প্রাথমিকভাবে এখানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি নেওয়া হয় (প্রতিটি বিভাগে ৫০টি করে মোট ১০০টি আসন)।

৭০ নম্বর (গণিত ২০, বাংলা ১০, ইংরেজি ১০, পদার্থবিজ্ঞান ১০, রসায়ন ১০ এবং বুদ্ধিমত্তা/IQ ১০)। এসএসসি জিপিএতে ৩০ নম্বর (SSC GPA × ৬) থাকতে হবে।

> এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট) ও প্রশংসাপত্র/ট্রান্সক্রিপ্টের কপি। > অনলাইন আবেদনের কপি ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড)। > শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি। > জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের (NID) কপি। > নির্ধারিত ভর্তি ও টিউশন ফি জমার রশিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ