1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ফ্রি হিট তো ক্রিকেট দুনিয়ায় অনেকবারই দেখা গেছে। তবে এবার দেখা গেল ‘ফ্রি বল’। যেখানে ব্যাটার দূরে দাঁড়িয়ে থাকবেন, আর বোলার ফাঁকা স্ট্যাম্প ভাঙার সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়ায় নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) এক ম্যাচে এমন কাণ্ডই ঘটেছে। আর এই অদ্ভুত বলে বোল্ড হয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন। মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে ঘটেছে বিরল এই ঘটনা।

মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল রেনেগেডস। ১৫তম ওভারে ৯৭ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে নামার কথা ছিল ডটিনের। কিন্তু মাঠে ঢুকতে দেরি করে ফেলেন তিনি। আর তাতেই বিগ ব্যাশের কড়া ও ব্যতিক্রমী এক নিয়মের জালে পড়েন এই তারকা।

২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে এই নিয়ম চালু আছে। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর বা রিটায়ার্ড হলে পরবর্তী ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য তৈরি থাকতে হবে।

তবে কেউ এই সময়ের মধ্যে প্রস্তুত হতে না পারলে প্রথম বল করার সময় তাকে পিচের পাশে, লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়াতে হবে। সোজা কথায়, ব্যাটারকে ছাড়াই ফাঁকা স্ট্যাম্পে বল করার সুযোগ পাবেন বোলার।

ডটিনের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তাকে দাঁড়িয়ে থাকতে হয় স্কয়ার লেগের কাছে। বোলার সারা গ্লেন এই সুযোগ হাতছাড়া করেননি। ফাঁকা স্ট্যাম্প লক্ষ্য করে বল ছোড়েন তিনি। আর তাতেই পড়ে যায় বেলস। নিয়ম মেনে বোল্ড আউট ঘোষণা করা হয় ডটিনকে। কোনো বল না খেলেই শূন্য রানে ফিরতে হয় তাকে।

এই ডেলিভারিটিকে ওভারের বৈধ বল হিসেবেই ধরা হয়েছে, কোনো বাড়তি বল নয়। আর উইকেটটিও বোলারের ঝুলিতেই জমা পড়েছে।

ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক ও ম্যাচসেরা সোফি মোলিনু এই ঘটনাকে ক্রিকেটের এক বিরল অভিজ্ঞতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এমন দৃশ্য ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি বড় শিক্ষা, অন্য দলগুলোর জন্যও তা-ই। আমার ধারণা, সামনের ১০ বছরেও এমন কিছু আর দেখা যাবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ