বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করার পরও বিনিময় হার কমাতে না পারায় এবার বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে ডলার সোয়াপ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে টাকা-ডলার সোয়াপ হলো নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার অদলবদলের একটি আর্থিক ব্যবস্থা।
নির্ধারিত মেয়াদ শেষে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য সুদসহ মূল মুদ্রা ফেরত দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি ঋণপত্রের (এলসি) অর্থ পরিশোধে ব্যাপক চাপের মুখে থাকায় সোয়াপের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অতিরিক্ত এই সরবরাহ তাৎক্ষণিকভাবে ডলারের বাজারে কিছুটা স্বস্তি দিতে পারে, তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, বাজারে ডলারের চাহিদা এখনো বেশি। গতকাল বুধবার কয়েকটি ব্যাংক এগ্রিগেটরদের কাছ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৩০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে।
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাংকগুলোকে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ সামলাতে হবে। বিশেষ করে পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরকারি এলসির অর্থ পরিশোধে এ চাপ তৈরি হয়েছে।
সোয়াপ ব্যবস্থার মাধ্যমে ডলারের বিনিময় হার ১২৫ টাকার মধ্যে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তবে বর্তমানে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নেট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক থাকা সত্ত্বেও ডলারের দর বেশি। এতে ইঙ্গিত পাওয়া যায়, ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রাখছে।
বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, যেসব ব্যাংকের নিজস্ব রপ্তানি আয় কম এবং আমদানি দায় মেটাতে রেমিট্যান্সের ওপর নির্ভরতা বেশি, সেসব ব্যাংক প্রায় যেকোনো দামে ডলার কিনছে। এতে পুরো বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'ডলার সোয়াপের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করবে এবং নির্ধারিত সময় পর সেই ডলার ফেরত নেবে। ডলারের সরবরাহের ওপর এর তাৎক্ষণিক প্রভাব সরাসরি বিক্রির মতোই হবে। পার্থক্য হলো, সোয়াপের ক্ষেত্রে পরবর্তী সময়ে ডলার ফেরত দিতে হবে।'
তিনি আরও বলেন, 'এক মাস পর সোয়াপের মেয়াদ শেষ হলেও বাজার পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ ব্যাংক ডলার ফেরত নিতে গিয়ে আবারও চাহিদা ও সরবরাহের ঘাটতির মুখে পড়বে। মূলত সোয়াপের মাধ্যমে বাজারের প্রয়োজনীয় সমন্বয় পিছিয়ে দেওয়া হচ্ছে। মৌলিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে এক মাস পর একই সংকট আবারও দেখা দেবে। তখন ডলারের দাম আরও বেড়ে যেতে পারে।'
চলতি অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিক্রি করেও ডলারের বিনিময় হার কমাতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ কারণে আপাতত রিজার্ভ থেকে সরাসরি ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য টাকা-ডলার সোয়াপ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য এ সোয়াপ করা যায়।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি ছিল ১.৩৩ বিলিয়ন ডলার।
এদিকে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স ও রপ্তানি আয় হয়েছে ২৮.৫৫ বিলিয়ন ডলার। একই সময়ে আমদানি ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরাসরি ডলার বিক্রি করলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। তবে সোয়াপের ক্ষেত্রে তা হয় না। কারণ, ব্যাংকগুলোকে পরবর্তী সময়ে ফিরতি ডলার কিনতে হয়। ফলে ওই অর্থ রিজার্ভের অংশ হিসেবেই থাকে। রিজার্ভ সংরক্ষণের ক্ষেত্রে তিনি এ ব্যবস্থাকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি ছুটির কারণে আজ (বুধবার) যুক্তরাষ্ট্রে নস্ট্রো অ্যাকাউন্টগুলো বন্ধ থাকবে। ফলে কোনো লেনদেন হবে না। এ কারণে বৃহস্পতিবারের নির্ধারিত অর্থ পরিশোধের কাজ ব্যাংকগুলো বুধবারই সম্পন্ন করেছে। এক দিনে অস্বাভাবিক বেশি পরিমাণ অর্থ পরিশোধ করতে হওয়ায় বাজারে ডলারের চাহিদায় সাময়িক চাপ তৈরি হয়েছে। চলতি মাসের ৩০ তারিখেও একই ধরনের চাপ তৈরি হতে পারে বলে জানান তিনি।
আরেকটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ রিজার্ভ থেকে ডলার বিক্রির সময় প্রতি ডলারের দর নির্ধারণ করেছিল ১২৩ টাকা ৯০ পয়সা। এর আগে দর ছিল ১২৪ টাকা ৫০ পয়সা।
তিনি বলেন, 'এখন কেন্দ্রীয় ব্যাংক সোয়াপ ব্যবস্থায় গেছে। মূলত এতে বোঝা যায়, ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারছে না।'
আরেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে সব ব্যাংকের ডলারসংক্রান্ত তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে এক দশকেরও বেশি সময়ের এলসি পরিশোধ, রপ্তানি আয় ও রেমিট্যান্স আসার হিসাবও রয়েছে।
তিনি বলেন, 'তারপরও ডলারের বাজার নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।'
আরেকটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে। কিন্তু দাম আরও বাড়বে—এমন প্রত্যাশায় অনেক ব্যাংক ডলার ধরে রাখছে। এটিই বাজারের মূল সমস্যা তৈরি করছে।
তিনি বলেন, নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করার পরও কিছু ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে না। বরং বেশি দামে রেমিট্যান্স কিনছে। এ ধরনের কর্মকাণ্ডে কেন্দ্রীয় ব্যাংকও অসন্তুষ্ট।
ড. জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দর বাড়লে স্বাভাবিকভাবেই দেশের বাজারেও এর প্রভাব পড়বে। তবে বিনিময় হারে সামান্য বৃদ্ধি ঠেকাতেও বাংলাদেশ ব্যাংক যদি রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করতে থাকে, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সংকট মোকাবিলার সক্ষমতা কমে যেতে পারে।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন একটি গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থা, যা একটি অর্থনীতিকে বাহ্যিক ধাক্কা সামলে উঠতে সহায়তা করে। বাণিজ্য ঘাটতি বা চলতি হিসাবের ঘাটতি সাময়িক হলে বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যবহার করা যায়। কিন্তু ঘাটতি দীর্ঘস্থায়ী হলে রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে অর্থ ব্যয় করতে করতে একপর্যায়ে তা নিঃশেষ হয়ে যেতে পারে।
তিনি বলেন, 'এর ফলে শেষ পর্যন্ত বিনিময় হারে বড় ধরনের সমন্বয় করতে বাধ্য হতে পারে, যা ধীরে ধীরে সমন্বয়ের তুলনায় অর্থনীতির জন্য বেশি ক্ষতিকর হবে।'
জাহিদ হোসেনের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দর প্রায় ৪ শতাংশ বাড়লেও বাংলাদেশে বেড়েছে প্রায় ২ থেকে ২.৫ শতাংশ। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে ডলারের দর বেশি বাড়েনি। তাই বাজারে কারসাজির অভিযোগের পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই বলে তিনি মনে করেন।
একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রমজানের আগে এবং সাধারণত ডিসেম্বর মাসে রেমিট্যান্সের প্রবাহ বাড়লে ব্যাংকগুলো ধার নেওয়া ডলার ফেরত দিতে পারবে।
তিনি বলেন, 'তবে বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংককে সোয়াপ সুবিধা ও সরাসরি ডলার বিক্রি—দুই ব্যবস্থাই চালু রাখতে হবে। পাশাপাশি তিন বা পাঁচ দিন পর সোয়াপের মেয়াদ শেষ হলে ব্যাংকগুলো যাতে তা নবায়নের সুযোগ পায়, অথবা কেন্দ্রীয় ব্যাংক নতুন পদক্ষেপ নেয়, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় মেয়াদ শেষ হওয়ার দিনগুলোতে বাজারে আবারও চাপ তৈরি হতে পারে।'