যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই শুল্কের আওতায় পড়বে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্য অংশীদার। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও ভিয়েতনামও। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্যনীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন। নতুন শুল্কের হার দেশভেদে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে। অন্য দেশ ও অঞ্চলের জন্য ২০ বা ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।
মার্চে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। সেই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দিয়েছে। প্রতিটি দেশের বাণিজ্যনীতি কীভাবে মার্কিন বাণিজ্যকে প্রভাবিত করছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি।
তবে নতুন শুল্ক আগামী বছরের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এর আগে জনমত যাচাই ও পরামর্শ গ্রহণের কয়েকটি ধাপ পার হতে হবে। প্রয়োজনে শুনানিও অনুষ্ঠিত হবে।
আমদানি করা পণ্যের ওপর আরোপিত করকে শুল্ক বলা হয়। সাধারণত পণ্যের মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসেবে এই কর নির্ধারণ করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সরকারকে তা পরিশোধ করে।
নতুন শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের আগে হওয়া শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কিছু পণ্যের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।
ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার বলেন, নতুন শুল্কের লক্ষ্য মার্কিন শ্রমিকদের জন্য প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি করা এবং বিশ্ব অর্থনীতিকে আরও টেকসই পথে এগিয়ে নেওয়া।
জেমিসন গ্রিয়ারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার কয়েক দশক ধরে উৎপাদন, মজুরি ও শ্রম খাতকে প্রভাবিত করে এমন শিল্পনীতি গ্রহণ করেছে। এসব দেশের বাজার বিকৃতকারী নীতির কারণে বাণিজ্যের ভারসাম্য তাদের পক্ষে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, শুল্কের কারণে পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় বাড়তে পারে। ব্যবসায়ীরা বাড়তি খরচ ক্রেতাদের ওপর চাপালে মূল্যস্ফীতি বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে একাধিকবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বসিয়েছেন। তার দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের পরও তিনি তার প্রধান বাণিজ্যনীতি এগিয়ে নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোও ট্রাম্পের এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। বাণিজ্য ঘাটতি বলতে অন্য দেশ থেকে কেনা পণ্যের মোট মূল্য এবং বিদেশে বিক্রি করা পণ্যের মোট মূল্যের পার্থক্যকে বোঝায়।
সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতির প্রভাষক চ্যাং পাও-লি বলেন, ট্রাম্পের ২০২৫ সালের এপ্রিলের ‘লিবারেশন ডে’ শুল্কের তুলনায় নতুন শুল্কের আইনি ভিত্তি আরও শক্তিশালী। আগের শুল্ক আরোপে ট্রাম্প জরুরি নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছিলেন, যা পরে আদালতে বাতিল হয়। এবার ইউএসটিআরের আইনি ক্ষমতা ব্যবহার করে বিদেশি বাণিজ্যচর্চার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে নতুন শুল্কও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করেন চ্যাং। তার মতে, অতীতে এ ধরনের শুল্ক কার্যকর থাকার নজির রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় আরোপিত অনেক শুল্ক পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও বহাল ছিল। এই আইনে বিদেশি বাণিজ্যচর্চা তদন্ত করে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে ক্যাপিটাল ইকোনমিকসের উত্তর আমেরিকা বিভাগের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন নতুন শুল্ক ঘোষণাকে আপাতদৃষ্টিতে যতটা উদ্বেগজনক মনে হচ্ছে, বাস্তবে ততটা নয় বলে মন্তব্য করেছেন। তার মতে, নতুন শুল্ক মূলত গ্রীষ্মে ঘোষিত আগের কিছু শুল্কের জায়গা নেবে। এতে কার্যকর শুল্কের হার পূর্বাভাসের তুলনায় সামান্য কম বাড়তে পারে। তবে পণ্যের দামে কিছুটা প্রভাব পড়বে। নতুন শুল্কের আওতায় সীমিতসংখ্যক পণ্য থাকায় সামগ্রিক বাড়তি ব্যয়ের চাপও কম হতে পারে বলে জানান তিনি।
নতুন শুল্কের প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে কয়েকটি দেশ ও অঞ্চল। ব্রাজিলের বাণিজ্যচর্চা নিয়ে পৃথক তদন্তের অংশ হিসেবে দেশটির পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন। মার্কিন শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে- এমন ‘ক্ষতিকর বাণিজ্যচর্চার’ অভিযোগে এই তদন্ত করা হচ্ছে।
ব্রাজিল সরকার এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেছে, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দেশটির নীতিমালা পরিবর্তনে চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ব্রাজিলের তৈরি উড়োজাহাজ ও চিনির ওপরও শুল্কের প্রভাব পড়বে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কার্যালয় বলেছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’
ইউরোপীয় কমিশনও নতুন মার্কিন শুল্কের বিরোধিতা করেছে। কমিশন জানিয়েছে, শুল্ক আরোপের কারণ খতিয়ে দেখা হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে হওয়া চুক্তি অনুযায়ী শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশে সীমাবদ্ধ থাকার কথা।
ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী বুই থান সন বলেছেন, নতুন শুল্কের হার যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সাবেক মার্কিন বাণিজ্য আলোচক ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ওয়েন্ডি কাটলার বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদাররা নতুন শুল্কের আশঙ্কা করছিলেন। তাদের অভিযোগ, অতিরিক্ত উৎপাদনের জন্য অন্যায়ভাবে তাদের দায়ী করা হচ্ছে। অনেকের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নতুন শুল্ককে ‘রাজনৈতিক কারসাজি’ বলে বর্ণনা করেছেন। চীন প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে- যুক্তরাষ্ট্রের এমন দাবিকেও মিথ্যা বলে অভিহিত করেছেন তিনি।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে প্রতিযোগিতা চলার মধ্যেই নতুন শুল্কের ঘোষণা এলো। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের লড়াই আপাতত স্থগিত রয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হলেও বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। আগামী ১০ জানুয়ারি ওই বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।
চীন কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ওয়েন্ডি কাটলারের মতে, নতুন শুল্কের হার ২০ শতাংশের বেশি না হলে আপাতত বেইজিং তা মেনে নিতে প্রস্তুত থাকতে পারে।