যশোরের অভয়নগরে শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদ ক্রমেই নাব্য হারাচ্ছে। নদীতে পলি জমে বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে পণ্যবাহী নৌযান চলাচল। কোথাও কোথাও জাহাজের তলদেশ নদীর চরে আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ী, নৌযান মালিক ও শ্রমিকরা। দীর্ঘদিনের এ সংকট নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব নদের বিভিন্ন অংশে পানির গভীরতা কমে গেছে। নদের তলদেশে পলি জমে কোথাও কোথাও চর জেগে উঠেছে। বিশেষ করে ভাটার সময় পণ্যবাহী কার্গো ও বড় নৌযান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জোয়ারের অপেক্ষায় নৌযানগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় ও অর্থ ব্যয় দুটোই বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামান জানান, নদে নাব্য সংকটের কারণে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল ওঠা-নামা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে জাহাজকে কাঙ্ক্ষিত ঘাটে ভিড়তে সমস্যা হচ্ছে। এতে পণ্য পরিবহনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। তাদের অভিযোগ, ভৈরব নদ খননের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। নিয়মিত খনন কার্যক্রমের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় কোটি কোটি টাকা ব্যয়ে খনন করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হবে না।
নদীবন্দর সংশ্লিষ্টদের মতে, নওয়াপাড়া বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় ভৈরব নদের নাব্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল ও স্থাপনা অপসারণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বন্দরটির কার্যক্রম আরো সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে বন্দর ব্যবহারকারী ফারুক হোসেন জানান, ভৈরব নদের নাব্য সংকট নিয়ে বারবার আলোচনা হলেও দৃশ্যমান ও টেকসই সমাধান মিলছে না। ফলে নদের বুকজুড়ে পলি জমে চর সৃষ্টি হচ্ছে, আর ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসা-বাণিজ্য।
ব্যবসায়ী এটিএম তারিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত নদের প্রকৃত অবস্থা পর্যালোচনা করে পরিকল্পিত খনন কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি নদ দখল ও দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভৈরব নদকে বাঁচানো গেলে শুধু নৌবন্দরই সচল থাকবে না, রক্ষা পাবে নওয়াপাড়ার শিল্প-বাণিজ্য ও হাজারো মানুষের জীবন-জীবিকা।
বিআইডব্লিউটিএর উপসহকারী মাসুদ রানা জানান, নদ খননের কাজ চলমান রয়েছে। একসঙ্গে সব জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না।