1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্যাটিং যেন ‘হরর শো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

সেঞ্চুরিয়নের উইকেটে যদিও প্রাণ ছিল, সেখানেই প্রাণ হারানোর প্রতিযোগিতায় নেমে গেলেন বাংলাদেশের একের পর এক ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চা বিরতির আগে শেষ ওভার। সাইমন হার্মারের প্রথম বলটি ব্লক করলেন তাওহিদ হৃদয়। পরের বলে শাফল করে স্লগ সুইপে ছক্কা। ধারাভাষ্যে মাইক হেইজম্যান অবাক, বিরতির ঠিক আগে কেন অমন ঝুঁকি নিলেন হৃদয়। তবে সেটি কেবল শুরুর। পরের কয়েক ডেলিভারিতে তিনি যা করলেন, সেটিকে পাগলামো বললেও কিছুই বলা হয় না। কোনো ক্রিকেটীয় ব্যাখ্যায় সেটিকে বোঝানো যায় না। মনে হচ্ছিল যে, ওই ওভারে ১৫-২০ রান নিলেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ!

ছক্কার পরের ডেলিভারিতে ক্রিজে ছেড়ে বেরিয়ে চেষ্টা করলেন শট খেলার। অল্পের জন্য আউট হলেন না, ব্যাটের কানায় লেগে পেয়ে গেলেন বাউন্ডারি। পরের বলে ড্রাইভ খেললেন স্পিনের বিপক্ষে। পঞ্চম বলে শট খেলতে গিয়েও শেষ সময়ে ব্লক করলেন। ওভারের শেষ বল, চা বিরতির আগে শেষ বলে আবার চেষ্টা করলেন ক্রিজ ছেড়ে বেরিয়ে ড্রাইভ খেলার। এবার ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল স্লিপে।

দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যানই যখন দলের প্রয়োজনকে বুড়ো আঙুল দেখান, বাকিদের কথা বলাই বাহুল্য। কে কার চেয়ে বাজে শট খেলবেন, সেই প্রতিযোগিতায় নেমে ছিলেন যেন সব ব্যাটসম্যান।

ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ অবশ্যই কঠিন ছিল। সেঞ্চুরিয়নের উইকেটে তাজা ঘাস ছিল। গতি ও বাউন্স তো এখানে সবসময়ই। আনরিখ নরকিয়াকে একাদশে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণও আগের টেস্টের চেয়ে শক্তিশালী। কিন্তু উইকেটে প্রাণ থাকলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রাণ নিতে খুব বেশি চেষ্টা করতে হয়নি ব্যাটসম্যানদের।

তানজিদ হাসান আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে। অথচ অনায়াসেই ছেড়ে দেওয়া যেত সেই ডেলিভারি। এই সিরিজের তিন ইনিংসেই তিনি আউট হলেন একইভাবে। মাহফিজুল ইসলাম যতক্ষণ ক্রিজে ছিলেন, খুব একটা স্বস্তিতে ছিলেন না। তার চার বাউন্ডারির তিনটিই এসেছে ব্যাটের কানায় লেগে। শেষ পর্যন্ত আনরিখ নরকিয়ার গতির কোনো জবাব তিনি পাননি। ব্যাট নামিয়েছেন অনেক দেরিতে, পা একদম গেঁথে ছিল ক্রিজেই।

নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই একটুর জন্য আউট হননি। ব্যাটের কানায় লেগে চার পেয়ে যান। পরের বলেই দিনি বোল্ড আলগা ড্রাইভ খেলে। আউট হওয়ার পর তার চেহারায় ছিল হতভম্ব ভাব। হয়তো বোঝাতে চাইছিলেন, ডেলিভারিটি দারুণ। আদতে, তার শট ছিল বাজে। এই নিয়ে টানা সাত ইনিংসে তিনি ২০ ছুঁতে পারলেন না। কয়েক দফায় আউট হলেন এরকম আলগা ড্রাইভ খেলে।

ফর্মে না থাকা মুমিনুল হক চেষ্টা করছিলেন লড়াই করে টিকে থাকতে। সেটিও খুব দীর্ঘায়িত হয়নি। ৮৩ মিনিট ক্রিজে কাটিয়ে ১৮ রান করে তিনি স্টাম্পে টেনে আনেন ভিয়ান মুল্ডারের বল। এই আউটও তার জন্য এখন নিয়মিত দৃশ্য, বারবারই প্লেড অন হচ্ছেন শরীর থেকে দূরে ব্যাট পেতে দিয়ে।

হৃদয়ের আউট নিয়ে তো যত কথাই বলা হোক, শেষ হবে না। শরীর থেকে দূরে ব্যাট পেতে দিয়ে আউট হয়েছেন গত টেস্টে দারুণ সেঞ্চুরি করা লিটন কুমার দাসও। শাফল করে ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হন একাদশে ফেরা জাকের আলি। এমনকি লোয়ার অর্ডারে শরিফুল ইসলামও উইকট ছুড়ে দেন কাগিসো রাবাদাকে তুলে মারার চেষ্টায়।

সবকিছুর যোগফল, ৯১ রানেই শেষ বাংলাদেশ। সেঞ্চুরিয়নে এই প্রথম সেঞ্চুরি করতে পারল না কোনো দল। দক্ষিণ আফ্রিকায় এসে প্রথম ইনিংসে প্রথমবার তিনশ ছুঁতে পারল না বাংলাদেশ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা স্বীকার করলেন, শট নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাটসম্যানদের উন্নতি প্রয়োজন।

“সব মিলিয়ে দিনটা খুবই হতাশাজনক ছিল। মানে, স্কোরকার্ডই তো তা বলছে। আমাদের জন্য, মূলত সিদ্ধান্তহীনতার কারণেই কিছু সহজ আউট হতে হয়েছে। কিছু ভালো বল ছিল, কিন্তু এভাবে গুঁড়িয়ে যাওয়ার মতো ছিল না। আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি, বিশেষ করে তেমন কোনো প্রস্তুতি ছাড়াই প্রথম টেস্টে এখানে এসেছিলাম। ছেলেরা যেভাবে সাহস ও দৃঢ়তা দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য ছিল এবং আমরা এর ওপর ভিত্তি করে আরও ভালো করতে চেয়েছিলাম।

“দুর্ভাগ্যবশত, আজ সেই দিন ছিল না এবং হ্যাঁ, আমাদের দেখতে হবে কোথায় উন্নতি করা যায়, বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কারণ আমরা জানি টেকনিক্যালি ছেলেদের সেই দক্ষতা আছে। আমরা হয়তো এই ধরনের উইকেটে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি।”

সেঞ্চুরিয়নের সবুজ উইকেটে টস হেরে আগে ব্যাটিংয়ের মানসিক ধাক্কাও ব্যাটসম্যানদের মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন মাকেতা।

“এটা (সবুজ উইকেটের মনস্তাত্ত্বিক ধাক্কা) একটা বিশাল ভূমিকা রাখে। ওয়ান্ডারার্সে ভালো করার পর এখানে দীর্ঘ বৃষ্টি বিরতির পর টসে হেরে যাওয়ায়, এত কম সময়ের মধ্যে ব্যাট করতে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আজ সম্ভবত সেই দিনগুলোর মধ্যে একটা, যেদিন আমরা প্রস্তুত ছিলাম না। মানসিকভাবে আমরা বেশ পিছিয়ে ছিলাম, যা বেশ হতাশাজনক।”

এই মানসিক প্রস্তুতি ও স্কিলের দিক থেকে দলকে তৈরি করার দায়িত্ব ছিল যাদের, তাদের একজন মাকেতা। দক্ষিণ আফ্রিকান কোচ তিনি, এখানকার ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তার। এছাড়াও এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকারই ডেল বেনকেনস্টেইনকে।

মাকেতা নিজেদের দায় মাথা পেতেই নিলেন। তবে এটিও বললেন, মাঠে গিয়ে তো খেলতে হয় ক্রিকেটারদেরই!

“আমার মনে হয় বার্তাটি পৌঁছেছে তাদের কাছে। তবে যত কথাই বলা হোক না কেন, দিনের শেষে সবকিছু পারফরম্যান্সের উপর নির্ভর করে। কাউকে তথ্য যথেষ্ট দেওয়া হতে পারে, কিন্তু দিনের শেষে ক্রিকেটারদেরই মাঠে নেমে তা প্রয়োগ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, তারা যেন ভালো খেলে। কোচ হিসেবে এর দায়িত্ব আমাদেরও নিতে হবে এবং হ্যাঁ, আমাদের আরও ভালো করতে হবে।”

ক্রিকেটারদের লড়াই করার তাড়না বা মানসিক ঘাটতি নিয়ে প্রশ্ন উঠলেও মাকেতার বিশ্বাস, ছোটখাটো কিছু ব্যাপার ঠিক করলেই এই সমস্যাগুলো দূর হযে যাবে।

“আমাদের সব ক্রিকেটারই দেশের প্রতিনিধিত্ব করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের মধ্যে তাড়না আছে এবং তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। যদিও আউট হওয়ার ধরণ দেখে আমরা মনে করি যে, তারা নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারছে না, আমাদের এটাও স্বীকার করতে হবে যে দক্ষিণ আফ্রিকা এবং বোলাররা আমাদের ওপর যে চাপ সৃষ্টি করেছে, তা আমাদের এই ভুলগুলোর পেছনে কিছুটা হলেও ভূমিকা রাখছে।

“আমরা এখনও অনেক ক্রিকেটারকে নিয়ে কাজ করছি, বিশেষ করে ইনিংস শুরুর আগে মানসিক রুটিন ঠিক করা এবং বল করার আগেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করা নিশ্চিত করার জন্য। আপনি যদি দেখেন, ওভার এবং বলের মাঝে আমরা কতটা তাড়াহুড়ো করি, তাহলে বুঝবেন এই ছোট ছোট বিষয়গুলোই একজন ব্যাটসম্যানের ইনিংস সাজানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাই আমরা বিষয়গুলো তুলে ধরছি, এগুলো নিয়ে কাজ করছি এবং আমি নিশ্চিত যে আমরা ঠিকই এটা ঠিক করে ফেলব।”

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ