প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমী। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি তিনি। মাতৃত্বের অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা, এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে।’ সন্তানের আগমনে বদলে গেছে মৌসুমীর প্রতিদিনের রুটিন। ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়ে চলছে তার দিন। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোর সময়ও পান না বলে জানিয়েছেন তিনি। সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ঠিকমতো দেখতে পারেননি মৌসুমী। পরে ভালোভাবে দেখার সুযোগ পেয়ে ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পেয়েছেন। ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। মাতৃত্বের এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। এর আগে গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। মৌসুমী জানিয়েছিলেন, তাদের ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক। চিন্তাভাবনায় মিল থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান মৌসুমী। নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও এখনই কাজে ফিরছেন না তিনি। আরও কয়েক মাস বিরতির পর অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।