মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।
একাধিক গণমাধ্যমকে সুখবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, সন্তানকে ঘিরেই এখন তার সময় কাটছে। ছেলের খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই কাটছে তার প্রতিটি দিন।
মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানিয়েছেন মৌসুমী। ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি। পাশাপাশি সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। এ সময় স্বামী আবদুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন তিনি। ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অভিনেত্রীর সর্বশেষ অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার। চলছে প্রেক্ষাগৃহে।