ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও কয়েকটি ছবি ঘিরে আলোচনা – সমালোচনা তৈরি হয়েছে। কলেজের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় , ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি উপহার দেওয়া হচ্ছে। এ সময় উপহার প্রদান অনুষ্ঠানের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ , ডিবেটিং সোসাইটির প্রধান মডারেটর ও সভাপতির নাম উল্লেখ করা হলেও ফটোসেশনে অধ্যক্ষকে যথাযথ জায়গায় দেখা যায়নি। সেখানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সফুসহ সংগঠনটির অন্য নেতারা। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিদের জন্য নির্ধারিত মঞ্চের সামনের সারিতে অধ্যক্ষের আসন থাকলেও পরবর্তী সময়ে তাকে সেখানে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে মঞ্চের এক কোণে তাকে একা বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করে রাকিব হাসান লেখেন , ‘ রাষ্ট্রপতিকে ছবি তুলে দেওয়ার জন্য বিশেষ করে শুধু অধ্যক্ষের নামই উল্লেখ করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির পাশে দাঁড়ানোর জায়গা ওনার হয়নি। বিষয়টা খুবই লজ্জাজনক। ’ তিনি আরও লেখেন , ‘ অনুষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাহলে অ্যালামনাইদের নিজস্ব স্বার্থ রক্ষা ও এজেন্ডা বাস্তবায়ন করতেই আজকের এই মিলনমেলা ?’ মাহমুদুল হাসান হৃদয় নামের আরেক শিক্ষার্থী ফেসবুকে লেখেন , ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বড় একটি অংশ অংশ নিয়েছেন। তবে আয়োজনটি কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় নয় , বরং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবেই রাষ্ট্রপতি কলেজে এসেছেন। কিন্তু পুরো আয়োজনে কলেজের প্রশাসনিক মর্যাদা ও শিক্ষকদের সম্মানের বিষয়টি উপেক্ষিত হয়েছে। তিনি লেখেন , ‘ ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া উচিত ছিল কলেজের অধ্যক্ষ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় , অনুষ্ঠানের পুরো অংশজুড়ে কোথাও বিন্দুমাত্র সম্মানের মাপকাঠিতে রাখা হয়নি কলেজ অধ্যক্ষকে। মঞ্চের একেবারে শেষের দিকে তাকে রাখা হয়েছে ; ব্যানারেও তার নাম রাখা হয়েছে বিশেষ অতিথি হিসেবে সবার নিচে। ’ অধ্যক্ষের যথাযথ মর্যাদা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন , ‘ আজকে যারা অতিথি হয়ে এসেছেন , তারাও তো একসময় এই কলেজেরই ছাত্র ছিলেন। একজন ছাত্র যত বড় পদেই আসীন হোন না কেন , দিনশেষে তিনি নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন। আর সেই ছাত্রদেরই বর্তমান অভিভাবক বা অধ্যক্ষ হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ। অথচ অনুষ্ঠানে তার ভূমিকা রাখা হয়েছে খুবই লজ্জাজনকভাবে। তাঁকে ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয়নি। এমনকি ফটোসেশন থেকে শুরু করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো , প্রতিটি জায়গায় তাকে প্রকাশ্যে তার যথাযথ স্থান থেকে বিচ্যুত করা হয়েছে। ’ আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন , ‘ ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন নিঃসন্দেহে আনন্দের। তবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই আয়োজনে নিজ ক্যাম্পাসেই কলেজ অধ্যক্ষের প্রাপ্য সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সত্যিই দুঃখজনক। ’ তিনি আরও বলেন , ব্যানারে সবার নিচে নাম রাখা , মঞ্চের এক কোণে বসিয়ে দেওয়া থেকে শুরু করে ফটোসেশন কিংবা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো , কোথাও অধ্যক্ষকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। অথচ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন। সেই হিসেবে অধ্যক্ষ তাদের বর্তমান অভিভাবক।