‘অহংকার পতনের মূল’—কথাটি সমাজে বহুল প্রচলিত। অর্থ, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা কিংবা জ্ঞানের কারণে অনেক সময় মানুষ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। অন্যকে ছোট করে দেখা, নিজের ভুল স্বীকার না করা এবং সত্য কথা জেনেও তা মেনে না নেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় অহংকার। অথচ ইসলামে অহংকারকে অত্যন্ত নিন্দনীয় স্বভাব হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে অহংকার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি অহংকারীদের পরিণতি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
অহংকারের শুরু শয়তানের অবাধ্যতা থেকে
অহংকারের ভয়াবহ পরিণতির উদাহরণ হিসেবে পবিত্র কোরআনে ইবলিশের ঘটনা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা যখন আদম (আ.)-কে সম্মান জানাতে ফেরেশতাদের সিজদা করার নির্দেশ দেন, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করেন। ইবলিশ অহংকারবশত আল্লাহর নির্দেশ অমান্য করে।
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
অর্থ: ‘আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা করো। তখন তারা সবাই সিজদা করেছিল, ইবলিশ ছাড়া। সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো।’
ইবলিশের এই ঘটনা থেকে বোঝা যায়, অহংকার মানুষকে সত্য ও আল্লাহর নির্দেশের বিরোধিতায় ঠেলে দিতে পারে। নিজের শ্রেষ্ঠত্বের ধারণা থেকে ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল।
অহংকারের বিষয়ে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ
অর্থ: ‘অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা।’
একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেন, কেউ যদি সুন্দর পোশাক ও সুন্দর জুতা পরতে পছন্দ করে, সেটিও কি অহংকার? জবাবে তিনি জানান, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অগ্রাহ্য করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।
অর্থাৎ ভালো পোশাক পরা, সুন্দরভাবে চলাফেরা করা কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা অহংকার নয়। বরং অন্যকে ছোট মনে করা এবং সত্য মেনে নিতে অস্বীকার করাই অহংকারের পরিচয়।
মানুষের মধ্যে অহংকার তৈরির অন্যতম কারণ হলো অর্থ, সম্পদ, ক্ষমতা ও সামাজিক অবস্থান। নিজের ধনসম্পদ কিংবা প্রভাব-প্রতিপত্তি নিয়ে অন্যকে ছোট করে দেখার প্রবণতা ইসলামে নিন্দনীয়।
পবিত্র কোরআনে এক ধনী ব্যক্তির অহংকারের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন,
فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا
অর্থ: ‘সে তার সঙ্গীর সঙ্গে কথোপকথনের সময় বলল, আমি তোমার চেয়ে বেশি সম্পদের অধিকারী এবং জনবলেও তোমার চেয়ে শক্তিশালী।’
এই আয়াতের মাধ্যমে সম্পদ ও লোকবলের গর্বে অন্যকে তুচ্ছ করার মানসিকতা তুলে ধরা হয়েছে। মানুষের ধনসম্পদ বা সামাজিক মর্যাদা তাকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ করে না।
পবিত্র কোরআনে অহংকার করে চলাফেরা করা এবং মানুষকে অবজ্ঞা করার বিষয়ে সরাসরি নিষেধ করা হয়েছে।
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
অর্থ: ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না।’
একই সুরার পরের আয়াতে চলাফেরা ও কথাবার্তায় সংযত থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে,
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ۚ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
অর্থ: ‘তুমি তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর স্বর হলো গাধার স্বর।’
এছাড়া সুরা বনি ইসরাইলের ৩৭ নম্বর আয়াতেও অহংকার করে পৃথিবীতে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষ কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না কিংবা উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না।
অহংকারীদের জন্য জান্নাত সম্পর্কে কঠোর সতর্কবার্তা
অহংকারের পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ
অর্থ: ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’
এই হাদিসে অহংকারের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। তবে সুন্দর পোশাক বা জুতা ব্যবহারের ইচ্ছাকে অহংকার বলা হয়নি। বরং সত্য প্রত্যাখ্যান ও মানুষকে তুচ্ছ করাকেই অহংকার হিসেবে চিহ্নিত করেছেন রাসুলুল্লাহ (সা.)।
অহংকারীদের পরিণতি সম্পর্কে আরও একটি হাদিসে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
হযরত আমর ইবনে শুয়াইব (রহ.) তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,