টেস্ট সিরিজে পিছিয়ে পড়লেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে সাদা বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের নতুন চ্যালেঞ্জ। আর সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ভিন্ন কিছু করার সুযোগ থাকলেও সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের হার এড়ানো সম্ভব হয়নি। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে তারপর টি-টোয়েন্টি সিরিজ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) টাইগারদের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় চমক অধিনায়কত্বে। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিনার কেশভ মহারাজ।
প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি তাকে। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কেশভ মহারাজ। ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য তাকে দ্বিতীয় টেস্টের দল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাভুমা না থাকায় সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এ ম্যাচে বিশ্রামে থাকবেন আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। তবে ওয়ানডে সিরিজে তাদের পাওয়া যাবে।
দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন গতির ঝড় তোলা আনরিখ নরকিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি ডানহাতি এই পেসার। এদিকে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না বাভুমা ছাড়াও মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের সফর শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি ও বিশ্রামের কথা বিবেচনা করেই তাদের বাইরে রাখা হয়েছে।
ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লুঙ্গি এনগিডি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন এই পেসার। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।
ব্যাটিং বিভাগেও বেশ কয়েকটি পরিচিত মুখের পাশাপাশি থাকছে নতুন চমক। প্রোটিয়াদের ব্যাটিংয়ের অন্যতম ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। পাশাপাশি দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই ফরম্যাটের দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখা।
টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড:
কেশভ মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ত্রিস্তান স্টাবস, সিনেথেম্বা কেশিলে, আনরিখ নরকিয়া, করবিন বশ, টনি ডি জর্জি, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:
বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।