কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়কের পাশের বড় তিনটি গাছের এক তৃতীয়াংশ কেটে নাশকতার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান এবং মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা সীমান্তসংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমি রাস্তার মাথার বাঁশতলা এলাকা এবং মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেসের সামনের সড়কে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের যেকোনো সময়ে সড়কের পাশের তিনটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটে রাখে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস এসে গাছগুলো কেটে সম্পূর্ণ অপসারণ করে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের বাকি অংশ কেটে মহাসড়ক থেকে অপসারণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, মহাসড়কের পাশে একটি গাছ অর্ধেক কাটা অবস্থায় ছিল। গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় সেটি কেটে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। এটি নাশকতা নাকি গাছ চুরির কোনো উদ্দেশ্যে করা হয়েছিল, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।