দণ্ডিতদের আইনি সহায়তা দিতে এক আইনজীবীকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ইজাজ কবির সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে যথারীতি এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করা হবে।”
হাই কোর্টে এ বেঞ্চ গত ১৭ জুন আসামিদের আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিতে সলিসিটরকে নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশনা অনুযায়ী আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই চালাবেন।
পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আসামি সোহেল ও স্বপ্না ওই বাসার অন্য ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সেখান থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলেন সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান।
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ঘটনার দিনই দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পরদিন সোহেল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আর স্বপ্নাকেও পাঠানো হয় কারাগারে।
ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাটি সারাদেশে ক্ষোভের জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আশ্বাস দেন, বিচার দ্রুত শেষ করার।
এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়।
রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয় এবং সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায় ও অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ