বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় আজ সোমবার (১৬ নভেম্বর) শীর্ষ তিনে অবস্থান করছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচক অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ২২৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের সর্বশেষ তথ্যমতে, ৩১৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যা ‘বিপজ্জনক’পর্যায়ে পৌঁছেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৪৬।
গতকালও এই তিনটি শহর বায়ুদূষণে শীর্ষে ছিল। পাকিস্তানের লাহোরে বায়ুর মান ছিল ২৬৩। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার স্কোর ছিল ২৩২ এবং ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২০৬।
আজ তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো— যথাক্রমে ইরানের তেহরান (১৮৯), ভারতের দিল্লি (১৮৬), পাকিস্তানের করাচি (১৭৮), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭১), নেপালের কাঠমান্ডু (১৬৬), ভারতের মুম্বাই (১৬৪) ও আফগানিস্তানের কাবুল (১৫৮)। এই শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ বাতাস হিসেবে বিবেচনা করা হয়।
বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’পর্যায়ে থাকায় নগরবাসীকে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠী ও শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।