ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর দেশটির ফুটবলে নতুন করে বিতর্ক ও অসন্তোষের ঢেউ উঠেছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও কার্লো আনচেলত্তির অধীনে দলের ধারাবাহিক ব্যর্থতায় ভীষণ ক্ষুব্ধ ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং বর্তমান সিনিয়র সিনেটর রোমারিও। ইতালিয়ান এই কোচকে অবিলম্বে বরখাস্ত করার জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।
গত শনিবার সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি সেলেসাওদের পঞ্চম হার। বিশ্বফুটবলে আনচেলত্তির কোচিং ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ ও সফল হলেও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তার কৌশল ও দল পরিচালনা নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে। জাপানের বিপক্ষে এই লজ্জাজনক হারের পর আর চুপ থাকেননি রোমারিও।
ইনস্টাগ্রামে দেওয়া এক কড়া বার্তায় রোমারিও আনচেলত্তিকে উদ্দেশ করে লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যাও! আর নিতে পারছি না আমরা। তোমার ক্যারিয়ার নিয়ে কারো প্রশ্ন নেই। বিশ্বফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ তুমি; তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারনি তুমি।’
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরুণ সভাপতি সামির জাউদের উদ্দেশে রোমারিও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ৪২ বছর বয়সি সভাপতিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘সামির, তুমি তরুণ ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’
২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপের স্বাদ পায়নি। দীর্ঘ এই শিরোপাখরা কাটাতে এবং দলের মান রক্ষা করতে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তিকে উসমানীয় কায়দায় বড় আশায় আনা হয়েছিল। কিন্তু মাঠের খেলায় তার কোনো ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে না উল্লেখ করে রোমারিও আরো যোগ করেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’
জাপানের বিপক্ষে হারের ক্ষত দূর করতে এবং চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করতে আগামী মঙ্গলবার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফের মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচে দল কেমন পারফর্ম করে এবং সিবিএফ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়Ñসেদিকেই এখন পুরো ফুটবল বিশ্বের নজর।