এ ঘটনায় নোয়াখালীর চাটখিলে থানায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে উপজেলায় হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে শনিবার সকালে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি মো. আবদুল মোন্নাফ।
নিহত মীর হোসেন (৭০) বক্তারপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, মীর হোসেনের নাতিসহ কয়েকজন শিশু শুক্রবার বিকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় ফয়সালের মা রওশন আরা পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফুটবলটি নিয়ে যান।
পরে এক শিশু বলটি ফেরত নিতে রওশন আরার বাড়িতে যায়। কিন্তু তিনি বল ফেরত না দিলে শিশুটি বলের পরিবর্তে একটি পানির বালতি নিয়ে যায়। তখন শিশুটির মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল নিয়ে আসতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে ফয়সালের পরিবারের সদস্যরা মীর হোসেনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় মীর হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?
গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস