নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে চারটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। এরপর সেগুলো পাশের একটি খালে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এম এ হালিম জুয়েল জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তারা কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ বস্তুগুলো ফেলে চলে যান। এতে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বস্তুগুলো কী, তা বুঝতে না পেরে কেউ সরাসরি ধরতে রাজি হননি। পরে একটি বালতিতে পানি নিয়ে সেগুলো ভিজিয়ে রাখা হয়। দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পরও কোনো বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় সেগুলো পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। আরও পড়ুন যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ৯ ১৩ নভেম্বর ২০২৬ তিনি আরও জানালেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাননি। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, বস্তুগুলো আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বস্তুগুলো খুলে ফেলেছিলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।