জনপ্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের উত্থান কি চলচ্চিত্রের বৈচিত্র্য সংকুচিত করছে? একজন পরিচালকের স্বতন্ত্র নির্মাণশৈলী কি সৃজনশীল স্বাধীনতাকে উৎসাহিত করে, নাকি অন্য নির্মাতাদের জন্য সুযোগ সীমিত করে দেয়?
এমন প্রশ্ন সামনে রেখে ‘এই সংসদ অট্যর সিনেমার উত্থানে অনুতপ্ত’ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব (জিটিসি ডিসি)।
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
‘অট্যর সিনেমা’ বলতে এমন চলচ্চিত্রকে বোঝায়, যেখানে পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, স্বতন্ত্র নির্মাণশৈলী ও সৃজনশীল নিয়ন্ত্রণ চলচ্চিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে ওঠে। এ ধরনের চলচ্চিত্রে পরিচালকের ব্যক্তিগত ভাবনা ও শিল্পীসত্তার ছাপ গল্প বলার ধরন, দৃশ্যায়ন ও নির্মাণশৈলীতে স্পষ্ট থাকে। ফলে চলচ্চিত্রটি অনেক সময় পরিচালকের নিজস্ব সৃষ্টিকর্ম হিসেবেই পরিচিতি পায়।
প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে ডিইউডিএসের এক বিতার্কিক বলেন, ‘অট্যর সিনেমা’র ক্রমবর্ধমান জনপ্রিয়তা পরিচালকদের নির্দিষ্ট নির্মাণশৈলীর মধ্যে আটকে ফেলছে। এতে ভিন্নধর্মী গল্প ও চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, ‘দর্শকেরা যখন একজন পরিচালককে নির্দিষ্ট একটি নির্মাণশৈলীর সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন, তখন ওই পরিচালকের পক্ষে সেই পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন কিছু করা ক্রমেই কঠিন হয়ে পড়ে।’
উদাহরণ হিসেবে হুমায়ূন আহমেদের কথা উল্লেখ করে ওই বিতার্কিক বলেন, টেলিভিশন নাটকে তার বিপুল জনপ্রিয়তা দর্শকদের কাছে তার একটি নির্দিষ্ট পরিচিতি তৈরি করেছিল। ফলে চলচ্চিত্র নির্মাণেও সেই পরিচিত ধারার বাইরে গিয়ে স্বতন্ত্র চলচ্চিত্রভাষা প্রতিষ্ঠা করা তার জন্য কঠিন হয়ে পড়ে।
চলচ্চিত্রের সাফল্যের কৃতিত্ব শুধু পরিচালকের নামে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলে সরকারি দল। তাদের যুক্তি, একটি চলচ্চিত্র নির্মাণে চিত্রনাট্যকার, অভিনয়শিল্পীসহ পুরো প্রযোজনা দলের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ‘অট্যর সিনেমা’র ধারণায় পরিচালকের পরিচিতিই বেশি গুরুত্ব পায়।
ডিইউডিএসের আরেক বিতার্কিক বলেন, ‘চলচ্চিত্র কখনোই একজন মানুষের একক সৃষ্টি নয়। এর পেছনে লেখক, অভিনেতা এবং পুরো প্রযোজনা দলের অবদান থাকে। অথচ ‘অট্যর সিনেমা’র ব্র্যান্ডিংয়ে প্রায় সব স্বীকৃতি পরিচালকের দিকে কেন্দ্রীভূত হয়।’
সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র উদাহরণ টেনে দলটি যুক্তি দেয়, চলচ্চিত্রগুলোর আন্তর্জাতিক পরিচিতির কারণে মূল সাহিত্যকর্মের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অনেক ক্ষেত্রে আড়ালে পড়ে গেছে।
এ ছাড়া প্রতিষ্ঠিত ও জনপ্রিয় পরিচালকদের প্রতি প্রযোজকদের অতিরিক্ত নির্ভরশীলতা নতুন নির্মাতাদের চলচ্চিত্রশিল্পে প্রবেশের সুযোগ সীমিত করতে পারে বলেও যুক্তি দেয় প্রস্তাবের পক্ষের দল। তাদের আশঙ্কা, এতে নতুন ধারার চলচ্চিত্র নির্মাণ ও শিল্পে বৈচিত্র্য আনার সুযোগ কমে যাবে।
অন্যদিকে, প্রস্তাবের বিরোধিতা করে তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের বিতার্কিকেরা বলেন, ‘অট্যর সিনেমা’ নির্মাতাদের সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি করে এবং চলচ্চিত্রশিল্পে আর্থিক স্থিতিশীলতা আনতে সহায়তা করে।
বিরোধী দলের এক বিতার্কিক বলেন, ‘একজন পরিচালকের নিবেদিত দর্শকগোষ্ঠী থাকলে প্রযোজকেরা তার চলচ্চিত্রে বিনিয়োগের ক্ষেত্রে বেশি আস্থা পান। এই আর্থিক নিরাপত্তা নির্মাতাদের এমন সৃজনশীল ঝুঁকি নেওয়ার সুযোগ দেয়, যা অন্যথায় নেওয়া কঠিন হতে পারে।’
দলটির যুক্তি, প্রতিষ্ঠিত পরিচালকদের জনপ্রিয়তার কারণে দর্শকেরা মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরেও নতুন নতুন জনরা ও ভিন্নধর্মী চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এর ফলে তারা অন্য স্বতন্ত্র নির্মাতাদের কাজের প্রতিও আগ্রহী হয়ে ওঠেন।
‘অট্যর সিনেমা’র কারণে চলচ্চিত্রের অন্য কলাকুশলীদের অবদান উপেক্ষিত হওয়ার অভিযোগের জবাবে বিরোধী দলের আরেক বিতার্কিক বলেন, এ ধরনের চলচ্চিত্রের সাফল্য শুধু পরিচালকের পরিচিতি বাড়ায় না, বরং অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নির্মাণের সঙ্গে যুক্ত অন্যদেরও স্বীকৃতি এনে দেয়।
তিনি বলেন, ‘একটি চলচ্চিত্রের সাফল্য শুধু পরিচালকের জন্য আসে না। এর স্বীকৃতি অভিনয়শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত সবার কাছেই পৌঁছায়।’
সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও ভিন্ন ব্যাখ্যা তুলে ধরে বিরোধী দল। তাদের মতে, সত্যজিৎ রায়ের চলচ্চিত্ররূপান্তরের মাধ্যমেই বিভূতিভূষণের সাহিত্যকর্ম বাংলা ভাষাভাষী দর্শকদের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিতি পেয়েছে।
দলটি আরও যুক্তি দেয়, প্রভাবশালী ও স্বতন্ত্র নির্মাতাদের উপস্থিতি চলচ্চিত্রশিল্পে প্রতিযোগিতা বাড়ায়। এতে অন্য নির্মাতারাও চলচ্চিত্রের মান উন্নয়নে উৎসাহিত হন এবং দর্শকদের সামনে পছন্দের পরিসর বিস্তৃত হয়।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে চার দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নিচ্ছেন।