যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত এবং দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গভীর সম্পর্ক থাকা একটি চীনা বিশ্ববিদ্যালয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে। চীনের সরকারি কেনাকাটাসংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত মাসেই এই আধুনিক চিপ সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়টি।
নথিপত্র অনুযায়ী, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি গত ২১ অক্টোবর ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ানে (প্রায় ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলার) এনভিডিয়ার দুটি এইচ২০০ প্রসেসর কেনে। তাদের ব্যবস্থাপনা অনুষদের জন্য সরাসরি এনভিডিয়ার বদলে ‘শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি’ নামের স্থানীয় এক চীনা সরবরাহকারীর কাছ থেকে এগুলো কেনা হয়।
সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ও কৃত্রিম উপগ্রহ গবেষণার সঙ্গে যুক্ত থাকার কারণে ২০০১ সালেই এই বিশ্ববিদ্যালয়কে বাণিজ্য কালোতালিকায় অন্তর্ভুক্ত করেছিল মার্কিন বাণিজ্য দপ্তর। পরে ২০১৯ সালে তাদের ওপর প্রযুক্তি বিক্রির বিধিনিষেধ আরও কঠোর করা হয়। এছাড়াও চীনের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত সাতটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের জোটের অন্যতম সদস্য এটি।
উন্নত এআই চিপ বিক্রির ওপর মার্কিন বিধিনিষেধ শিথিল করার তদবির এবং চীনা গোয়েন্দা তৎপরতার শিকার হওয়ার অভিযোগ ঘিরে ওয়াশিংটনে যখন এনভিডিয়া ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তোপের মুখে পড়েছেন, ঠিক তখনই এই কেনাকাটার তথ্য সামনে এল। এক কথিত চীনা নারী গোয়েন্দার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে আগামী ১৮ নভেম্বর মার্কিন কংগ্রেসের তিনটি কমিটির প্রধানদের সামনে জেনসেন হুয়াংয়ের বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
সরকারি নথিপত্র বলছে, কেবল সরাসরি চিপ কেনাই নয়, বিশ্ববিদ্যালয়টি চলতি বছর এনভিডিয়ার এইচ২০০, এ১০০ ও এ৮০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য বিভিন্ন চীনা কোম্পানির সঙ্গে ভাড়াভিত্তিক একাধিক চুক্তি করেছে। এআই মডেলের প্রশিক্ষণ ও গবেষণার কাজে এসব সার্ভার ব্যবহার করা হয়েছে। এছাড়া শেনজেন বিশ্ববিদ্যালয়, উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি ও বেইহাং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোও স্থানীয় রিসেলারদের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত এইচ১০০ ও এ১০০ চিপ সংগ্রহ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে বিশেষ অনুমতি সাপেক্ষে চীনে কিছু এইচ২০০ চিপ রপ্তানির অনুমোদন দিলেও কালোতালিকাভুক্ত সামরিক গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। ফলে এই ঘটনাটি চীনের কাছে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নিয়ন্ত্রণব্যবস্থার বড় ধরনের দুর্বলতা স্পষ্ট করে তুলেছে।
সিনিয়র সচিবেরও জবাবদিহি চায় সংস্থাটি