1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি চট্টগ্রামে বদলি খুলনায় বিমানবন্দর নির্মাণে নতুন সম্ভাবনা সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ফারহানের অবিশ্বাস্য গোলে মুগ্ধ ডুলি ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

খুলনায় বিমানবন্দর নির্মাণে নতুন সম্ভাবনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের প্রশ্নের জবাবে বিমান মন্ত্রী’র ঘোষণা

হতে পারে তিন দশকের অপেক্ষার অবসান

: খুলনায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) করবে সরকার। খুলনা অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সমীক্ষা করা হবে। এর ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

প্রশ্নে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানতে চান, খুলনার জনগণের দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সেখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা।

জবাবে মন্ত্রী জানান, বর্তমানে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ২১৭ হেক্টর জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া অধিগ্রহণ করা জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৩ সালের ২২ জুনের সভায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে।

তিনি জানান, দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে প্রয়োজনীয় কৌশলগত সুপারিশগুলো এই মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, খুলনা অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিন দশকের অপেক্ষা : খুলনা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় বিমানবন্দরটির স্থান নির্ধারণ করা হয়। ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তী সময়ে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কিছু কাজ হলেও ১৯৯৭ সালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

২০১১ সালে বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। ২০১৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেয় বেবিচক। একই বছর প্রতিবেদন জমা পড়ে। ২০১৫ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় কাজ এগোয়নি। ২০২৩ সালে সম্ভাব্যতা প্রতিবেদনসংক্রান্ত নেতিবাচক মূল্যায়নের কারণে প্রকল্পটি স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ