ম্যাচের বিরতিতে ফারহান আলী ওয়াহিদকে একটি পরামর্শ দিয়েছিলেন টমাস ডুলি। নিজেদের রক্ষণভাগের সামনে নয়, ড্রিবলিংয়ের দক্ষতা কাজে লাগাতে হবে প্রতিপক্ষের বক্সের আশপাশে। কোচের সেই পরামর্শ কতটা কাজে লেগেছে, তার প্রমাণ মিলেছে মাঠেই। তিন-চারজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেছেন ফারহান। শিষ্যের এমন অবিশ্বাস্য গোলে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ কোচ। নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারেও গোলটিকে অন্যতম সেরা হিসেবে দেখছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান ও রাকিব হোসেনের গোলে পাওয়া বড় জয়ের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডুলি। তবে চার গোলের মধ্যেও ফারহানের গোলটি বিশেষভাবে নজর কেড়েছে তার।
ফারহানের ড্রিবলিংয়ের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন ডুলি। তবে সেই দক্ষতা মাঠের কোন জায়গায় কাজে লাগানো উচিত, তা নিয়ে বিরতিতে তার সঙ্গে কথা বলেছিলেন। নিজেদের গোলের সামনে ড্রিবল করতে গিয়ে কয়েকবার বিপদেও পড়েছিলেন ফারহান। তাই তাকে আরও সামনে গিয়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালানোর পরামর্শ দেন কোচ।
ডুলি বলেন, ‘বিরতিতে আমরা ফারহানকে বলেছিলাম, নিজেদের গোলের সামনে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সে ঢুকে সেটা করা তার জন্য ভালো হবে। কারণ নিজেদের গোলের সামনে বল হারালে বিপদ হতে পারে। কয়েকবার ফাউল পাওয়ায় কিংবা কোনোভাবে পরিস্থিতি সামলে নেওয়ায় রক্ষা পেয়েছি। আমরা চেয়েছিলাম, সে যেন নিজের শক্তি আক্রমণভাগে কাজে লাগায়।’
কোচের সেই পরামর্শের পর ফারহান যে গোলটি করেছেন, সেটি নিয়ে উচ্ছ্বাস লুকাতে পারেননি ডুলি। তার কাছে গোলটি ছিল অবিশ্বাস্য।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ফারহানের গোলটিকে অন্যতম সেরা হিসেবে বিবেচনা করেন কি না। ডুলির উত্তর ছিল দ্বিধাহীন, ‘অবশ্যই। তিন-চারজন খেলোয়াড়কে যেভাবে ড্রিবল করে কাটিয়ে গেল, সেটা সত্যিই অসাধারণ। এরপর যে শটটি নিয়েছে, সেটাও ছিল খুব কঠিন। গোলটি ছিল দারুণ সুন্দর। সব মিলিয়ে অসাধারণ।’
শুধু ফারহান নন, বাংলাদেশের অন্য খেলোয়াড়দের গোল নিয়েও উচ্ছ্বসিত ডুলি। বিশেষ করে রাকিবের গোলের প্রশংসা করেছেন তিনি। হামজার ব্যাকহিলের প্রচেষ্টাটি গোলে পরিণত হলে বাংলাদেশের গোলগুলোর সৌন্দর্য আরও বাড়ত বলেও মনে করেন কোচ।
‘হামজার ব্যাকহিলের প্রচেষ্টাটি যদি গোলে পরিণত হতো, তাহলে ভাবতে পারেন, আজ আমরা কী ধরনের গোল দেখতাম! রাকিবও অসাধারণ একটি গোল করেছে। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আমরা খুশি ও গর্বিত হতে পারি,’ বলেন ডুলি।
বাংলাদেশের খেলায় শুধু গোলের সৌন্দর্য নয়, আক্রমণের ধরনও ডুলিকে তৃপ্তি দিয়েছে। বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে চেয়েছেন তিনি, চেয়েছেন উইং দিয়ে আক্রমণ তৈরি করতে। সেই পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি খেলোয়াড়দের লড়াকু মনোভাবেও সন্তুষ্ট কোচ।