সংগঠনটি সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থার আওতায় আমদানির বিধান চালুর প্রস্তাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর জন্য ১০-৩০ কাউন্টের কটন বা তুলার সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ দাবি রাখা হয় বলে বিটিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা অত্যন্ত জরুরি।
একইসঙ্গে তারা সকল ধরনের সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থার আওতায় আমদানির বিধান চালু করার প্রস্তাব দেন। এ ব্যবস্থাকে কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা দূর করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সভায় বিটিএমএ এর প্রতিনিধিরা ব্যবসা পরিচালনার সুবিধার্থে ইডিএফ বণ্টনে সমতা প্রতিষ্ঠা ও আকার বৃদ্ধি, পার্টি আকসেপ্ট্যান্স প্রদান সহজ করা সহ অন্যান্য বিষয় উত্থাপন করে সরকারের পক্ষ ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে বলা হয়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে হাই কোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। ফলে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
সভায় বিটিএমএর পক্ষ থেকে সংগঠনের সভাপতি শামীম ইসলাম, সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার অংশগ্রহণ করেন।
বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গত ৮ সেপ্টেম্বর রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানিতে কড়াকড়ি আরোপ করে এনবিআর।
নতুন বিধান অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতা আমদানির সুবিধা পুরোপুরি প্রত্যাহার করা হয়। তবে সংশ্লিষ্ট পোশাক কারখানা প্রয়োজনে ব্যাংক গ্যারান্টি সাপেক্ষে এ সুতা আমদানি করতে পারবে।
এ সিদ্ধান্তকে তখন স্বাগত জানায় টেক্সটাইল শিল্প মালিকদের সংগঠন বিটিএমএ। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৈরি পোশাক রপ্তানি শিল্পের সঙ্গে জড়িতরা।
আদেশ জারির ৬ দিনের মাথায় সিদ্ধান্তটি স্থগিতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এ চিঠি দিলেও এনবিআর এখনো সাড়া দেয়নি। পরে বিষয়টি আদালতে গড়ায়। ২৯ অক্টোবর হাইকোর্ট মন্ত্রণালয়ের স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং এ পদক্ষেপের বৈধতা নিয়ে রুল জারি করেন।
এসব সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
বিবাহ নিবন্ধন: নাগরিক অধিকার, রাজস্ব ও জবাবদিহির উপেক্ষিত অধ্যায়
ইলন মাস্কের কর্মহীন সমৃদ্ধির স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েন
তৌফিক ইমরোজ খালিদী: সংবাদ, সম্পাদনা ও সময়ের বাঁকবদল
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?