কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
জেলার ১৮টি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। তারা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। তা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালি মডেল থানা থেকে ১১ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে ৪ জন, চৌদ্দগ্রাম থানা থেকে ১০ জন, চান্দিনা থানা থেকে ৭ জন, বুড়িচং থানা থেকে ৩ জন এবং ব্রাহ্মণপাড়া থানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া, বরুড়া থানা থেকে ১০ জন, লাকসাম থানা থেকে ৪ জন, মনোহরগঞ্জ থানা থেকে দুজন, নাঙ্গলকোট থানা থেকে ৪ জন, দাউদকান্দি মডেল থানা থেকে দুজন, তিতাস থানা থেকে একজন, হোমনা থানা থেকে ৩ জন এবং মেঘনা থানা থেকে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে দেবিদ্বার থানা থেকে ২ জন, মুরাদনগর থানা থেকে ১ জন, বাঙ্গরা বাজার থানা থেকে ৪ জন এবং লালমাই থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে আরও দুজনকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।