বিএনপির রাজনৈতিক ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর। ঐতিহাসিক এ দিবস উপলক্ষে দেশজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করলেও কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দিনটি কেটেছে অনেকটা নীরবতায়। স্থানীয় বিএনপির পক্ষ থেকে ছিল না কোনো দৃশ্যমান কর্মসূচি, আনুষ্ঠানিক আয়োজন কিংবা উল্লেখযোগ্য সাংগঠনিক তৎপরতা।শুধু দলীয় কর্মসূচিই নয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায়ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতার উপস্থিতি লক্ষ্ করা যায়নি। দলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবসে সরকারি আয়োজনেও শীর্ষ নেতাদের এমন অনুপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, অষ্টগ্রাম উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। দলীয় বৃহত্তর স্বার্থের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক অবস্থান ও পৃথক বলয় গড়ে তোলাকে কেন্দ্র করে নেতাকর্মীরা পৃথক পৃথক উপদলে বিভক্ত। এই বহুমুখী বিভক্তির কারণে দলীয় কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা দেখা দিয়েছে বলে জানা জায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্য যখন সাংগঠনিক স্থবিরতা ও নিষ্ক্রিয়তায় রূপ নেয়, তখন মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অষ্টগ্রাম বিএনপির বর্তমান পরিস্থিতিতে সেই শঙ্কাই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বলে তাদের মন্তব্য। আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন দলীয় কর্মসূচি পালন না করার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ জানান, তিনি প্রায় এক মাসের বেশি সময় ধরে পারিবারিক জরুরি কাজে এলাকার বাইরে অবস্থান করছেন।অন্যদিকে, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘অষ্টগ্রামে তো প্রোগ্রাম হওয়ার কথা! আমি তো কিশোরগঞ্জে।’এদিকে ক্ষোভ প্রকাশ করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি এম মোশাররফ উদ্দিন হালিম বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় আমরা কর্মীরা মারাত্মকভাবে হতাশ।’তীব্র সমালোচনা করে অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ উপজেলা বিএনপির নেতারা আগে আওয়ামী লীগের ভয়ে কর্মসূচি করতে পারতেন না বলে জানাতেন। এখন কার ভয়ে তারা কোনো কর্মসূচি পালন করলেন না?’এদিকে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।রাজনৈতিক মহলের সমালোচনায় উঠে এসেছে, একটি সংগঠনে দীর্ঘদিন সম্মেলন না হওয়া এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ঘাটতি সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি করতে পারে। অষ্টগ্রাম উপজেলা বিএনপির বর্তমান পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয় নেতাকর্মীদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক দিবসগুলো যথাযথভাবে পালন করা হলে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক উদ্দীপনা ও ঐক্য বাড়ে। কিন্তু শীর্ষ নেতাদের পারস্পরিক দূরত্ব, অভ্যন্তরীণ কোন্দল এবং দায়িত্ব পালনে সমন্বয়হীনতার কারণে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি এখন অনেকটাই নড়বড়ে অবস্থায় রয়েছে।দলীয় বিভক্তি দূর করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করাই এখন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এমএইচ