বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: সিলেট টেস্ট, পঞ্চম দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩৯৮/৬ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬৯) ১০ ওভারে ৩৬/১
ভালো শুরু পাওয়া তানজিদ হাসান ছুঁড়ে এলেন উইকেট। অষ্টম ওভারে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি।
অষ্টম ওভারে আক্রমণে আসেন জোমেল ওয়ারিক্যান। পঞ্চম বলে স্লগ সুইপ করে চার মারেন তানজিদ। পরের বল ছিল একইরকম। এবার ছক্কার চেষ্টা করেন বাঁহাতি ওপেনার এবং ধরা পড়েন জশুয়া দা সিলভার হাতে।
৩২ বলে চার চারে ২১ রান করেন তানজিদ।
৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়।
না, এবার কোনো পরীক্ষা-নিরীক্ষায় যায়নি বাংলাদেশ। সাদমান ইসলামের অনুপস্থিতিতে কোনো লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে পাঠায়নি স্বাগতিকরা। একধাপ এগিয়ে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে নেমেছিলেন নাঈম হাসান। দ্রুতই ফিরেছিলেন তিনি।
১০ ওভার ব্যাটিং করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্ট জিততে বাংলাদেশকে ৭৮ ওভারে দিল ৩৬৯ রানের কঠিন লক্ষ্য।
৯৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান করার পর দুই ব্যাটসম্যানকে ডেকে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। এদিন ১০ ওভারে ৫৩ রান যোগ করে সফরকারীরা।
৭৪ বলে ৩৯ রান করেন আমির জাঙ্গু। ১১ বলে দুই ছয় ও এক চারে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন জশুয়া বিশপ।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৩৪৫/৩) ৯৩ ওভারে ৩৯৮/৬ ডিক্লে. (হজ ১৪২, জাঙ্গু ৩৯*, গ্রেভস ৯, জোসেফ ১, বিশপ ২০*; তাসকিন ১১-০-৫১-০, হাসান ১১-১-৬১-০, তাইজুল ২৯-১-১১৮-২, মিরাজ ২৭-৪-৮৫-২, নাঈম ১৫-০-৭২-২)
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে তৃতীয় সর্বোচ্চ ১৬টি ছক্কা মেরেছেন শামার জোসেফ। সে কারণেই দ্রুত রান তোলার আশায় রস্টন চেইসের আগে তাকে নামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার সেটি কাজে লাগেনি।
নাঈম হাসানের বলে ছক্কা মারতে গিয়েই লং অনে ধরা পড়েছেন শামার জোসেফ। নাঈমের এটি দ্বিতীয় উইকেট। নতুন সকালে ২৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৯০.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৭২ রান। এখনও নামেননি চেইস। নতুন ব্যাটসম্যান জশুয়া বিশপ।
বেশিক্ষণ টিকতে পারলেন না জাস্টিন গ্রেভস। মেহেদী হাসান মিরাজের সোজা যাওয়া ডেলিভারিতে লাইন মিস করে এলবিডব্লিউ হলেন ক্যারিবিয় অলরাউন্ডার। ১৬ বলে ৯ রান করে ফিরলেন তিনি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান শামার জোসেফ। রস্টন চেইসের আগে তাকে ব্যাটিংয়ে নামিয়ে দ্রুত রান তোলার আভাসই হয়তো দিল ওয়েস্ট ইন্ডিজ।
৮৯.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান। তাদের লিড এখন ৩৩৯ রানের। আমির জাঙ্গু অপরাজিত ৩৩ রানে।
দিনের শুরুতে দুই অফ স্পিনারকে আক্রমণে রেখেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর বল হাতে পেয়েছেন নাঈম হাসান। তিনিই ভেঙেছেন কাভেম হজের প্রতিরোধ।
লেগ স্টাম্পে থাকা ডেলিভারিতে পুল করে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন হজ। ভাঙে ১০০ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
১৯৪ বলে এক ছয় ও ১৭ চারে ১৪২ রান করেন হজ।
৮৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৩৫৪। ক্রিজে আমির জাঙ্গুর সঙ্গী জাস্টিন গ্রেভস।
না, রাতে ইনিংস ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ও শেষ দিন সকালে ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা রস্টন চেইসের দল কোনো ঝুঁকি নিচ্ছে না।
নতুন বল নেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরনো বলেই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রথম ওভারে আক্রমণে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ওভার থেকে এসেছে চারটি সিঙ্গেল।
৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৩৪৯।
সিলেট টেস্টে হতে পারে যে কোনো কিছুই। পঞ্চম দিন সকালে ব্যাটিংয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আবার রাতে ইনিংস ঘোষণা করে দিয়ে বাংলাদেশকে পাঠাতে পারে ব্যাটিংয়ে। কিছুই যখন নিশ্চিত নয়, তখন সফরকারীদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে চতুর্থ দিন ম্যাচের লাগাম হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৪৫। সফরকারীরা এগিয়ে ৩১৫ রানে। এই রানও তাড়া করতে হলে রেকর্ড গড়তে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।