: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান)। গত ১২ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত কমিটিতে তাকে এই পদে নির্বাচিত করা হয়। এর পাশাপাশি তিনি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে মোহাম্মাদুল্লাহ হাফেজী বলেন, “খুলনা মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা নিঃসন্দেহে সম্মান ও মর্যাদার; একইসঙ্গে এটি এক গুরুত্বপূর্ণ আমানত। সততা, নিষ্ঠা, রাজনৈতিক প্রজ্ঞা ও দায়িত্ববোধকে সঙ্গী করে খুলনা মহানগর এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, কেবল পদমর্যাদা নয়, বরং প্রতিটি দায়িত্বের সঙ্গে জড়িয়ে থাকে জবাবদিহিতা ও আমানত রক্ষার দায়। খুলনা মহানগর এনসিপির কার্যক্রমকে ত্বরান্বিত করতে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। নতুন এই কমিটিতে খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক হিসেবে রয়েছেন আহম্মদ হামীম রাহাত এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আবদুল্লাহ চৌধুরী। নতুন দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে খুলনা অঞ্চলে এনসিপির সাংগঠনিক রাজনৈতিক তৎপরতা আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা।