দুর্গাপূজার মণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় গুরুতর আহত হয়ে সেতু রানী নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেতু রানী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের জীতেন বর্মণ ও বিউটি রানীর মেয়ে।
নিহত শিশুর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধন্দগাঁও ২৯ মাইল পূজামণ্ডপ দেখে বাড়ি ফিরছিল সেতু। ২৯ মাইল বাজার এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী নাইট কোচ তাকে সজোরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় সেতু মাথা, কপাল, বাঁ হাতের কনুই ও দুই পায়ে গুরুতর আঘাত পায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে স্বজনেরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এই ঘটনায় শুক্রবার ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাতনামা বাসচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত শিশুর চাচা মানিক বর্মণ। এজাহারে চালকের দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শিশুমৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্তে তদন্ত চলছে।