শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধারের কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা ২১৭ গ্রাম সোনা উদ্ধার করার তথ্য দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
এর মধ্যে ১০০ গ্রাম ওজনের সোনার গহনা লুকানো ছিল জুতার ভেতরে। আর ১১৭ গ্রাম ওজনের একটি বার পাওয়া যায় তার দেহে তল্লাশি চালিয়ে।
তানবীর হাসান রিফাত নামে ওই যাত্রী সোমবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৪৮) ফ্লাইটে দেশে আসেন।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি বলছে, রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন।
"পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশিতে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।"
একই ফ্লাইটের আরেক যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহে তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায় বলে তথ্য দিয়েছে অধিদপ্তর।
এ অভিযানে মোট ৪৩৪ গ্রাম সোনা পাওয়া যায়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারের কথা জানায় সিআইআইডি।
ফাতেমা তুজ জোহরা নামে ওই যাত্রী কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় নামেন। তার কাছ থেকে আইফোনও জব্দ করা হয়।
এর ফলে দুই বিমানবন্দরের পৃথক দুটি অভিযানে ৭৩৩ গ্রাম সোনা মিলে।
তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস
ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক
নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?
তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ