ঢাকা ও গাজীপুর সিটির প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, ফুটপাত, বাজার, স্কুল, হাসপাতাল, বাসস্টপসহ জনবহুল স্থান চিহ্নিত করে অবৈধভাবে দখলকৃত জনস্থান দখলমুক্ত করতে এবং উচ্ছেদের পর পুনরায় একই স্থানে দখল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারকে আইনি নোটিশ দিয়েছেস সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এলজিআরডি সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটির প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের ঢাকা ও গাজীপুর কমিশনারকে এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী নাজমুল হাসান রাকিব।
সাতদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। না নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।
আইনজীবী নাজমুল হাসান রাকিব সাংবাদিকদের জানান, ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ চলমান। কিন্তু ঢাকা ও গাজীপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সড়কের মোড়, ফুটপাত এবং জনসাধারণের চলাচলের স্থান দখল করে ভ্যান, ভ্যান-রিকশা ও ঠেলাগাড়ির মাধ্যমে শাক-সবজি, ফলমূল, কাপড়, খাদ্যপণ্য, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য বিক্রির কারণে প্রতিনিয়ত যানজট, জনদুর্ভোগ এবং পথচারীদের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
পুলিশ তাদের সরিয়ে দিলে সহজেই এলাকা ছেড়ে চলে যায়, আবার ফিরে আসে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে অনেক ক্ষেত্রে সড়কের কার্যকর প্রশস্ততা কমে যায়, যানজট সৃষ্টি হয় এবং পথচারীদের ফুটপাত ছেড়ে মূল সড়কে চলাচল করতে হয়। এর ফলে শিশু, বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ পথচারীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।
এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় জনসাধারণের চলাচলের সড়ক, ফুটপাত ও অন্যান্য জনস্থান অবৈধভাবে দখল করে পরিচালিত এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ও ধারাবাহিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ এবং গাজীপুর মহানগরী পুলিশ আইনসহ সংশ্লিষ্ট আইনসমূহে জনসাধারণের সড়ক নিয়ন্ত্রণ, প্রতিবন্ধকতা প্রতিরোধ এবং অনুমোদন ছাড়া জনস্থানে পণ্য বিক্রির উদ্দেশে যানবাহন বা অন্যান্য সামগ্রী ব্যবহারের বিষয়ে আইনগত বিধান রয়েছে।
তাই নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, ফুটপাত, বাজার, স্কুল, হাসপাতাল, বাসস্টপসহ জনবহুল স্থানসমূহ চিহ্নিত করে অবৈধভাবে দখলকৃত জনস্থান দখলমুক্ত করা, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদের পর পুনরায় একই স্থানে দখল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.