1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে তিন শূন্য গোলে হেরে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের টিকে থাকার মিশনে প্রতিটি ম্যাচই এখন লাল-সবুজের প্রতিনিধিদের জন্য অগ্নিপরীক্ষা। এই সমীকরণে আজ সোমবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে দল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া আর কোনো বিকল্প না থাকায় শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রধান কোচ টমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠের লড়াইয়ে শুরুর একাদশে চারটি পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

গত ম্যাচে রক্ষণভাগে সেন্টারব্যাকে বেশ কিছু ভুল করেছিলেন শাকিল আহাদ তপু। তার ভুলের খেসারত হিসেবে দলকে একাধিক গোল হজম করতে হয়েছিল। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে তার জায়গা হারানোর সম্ভাবনা প্রবল। তপুর জায়গায় রক্ষণ সামলাতে একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন জিদান ইউসুফ। মালয়েশিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নেমে নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছিলেন জিদান। তিনি মাঠে নামার পর দল আর কোনো গোল হজম করেনি।

দলের আক্রমণভাগেও পরিবর্তনের জোরালো আভাস পাওয়া গেছে। প্রথম ম্যাচে ফাহামেদুল ইসলামের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। তার বদলে একাদশে জায়গা পেতে পারেন শুকি ইতোফুসাই, যাকে মূলত উইংয়ে খেলানো হতে পারে। অন্যদিকে মূল স্ট্রাইকার হিসেবে আক্রমণভাগে দায়িত্ব পেতে পারেন ফারহান আলী ওয়াহিদ। এদিকে মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন আজ শুরু থেকেই খেলতে পারেন।

তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন মিডফিল্ডার শমিত সোম। মাঝমাঠে নিয়মিত খেলোয়াড় সোহেল রানা যথারীতি দলে থাকছেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করবেন। গোলপোস্টের নিচেও রদবদল আসার ইঙ্গিত মিলেছে। প্রথম ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আস্থার প্রতিদান দিতে পারেননি। ফলে তাকে বেঞ্চে বসিয়ে পুনরায় একাদশে ফিরিয়ে আনা হতে পারে অভিজ্ঞ গোলরক্ষক মিতুল মারমাকে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে মিতুল মারমা এবং রক্ষণভাগে সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদের খেলার কথা রয়েছে। মাঝমাঠে অধিনায়ক সোহেল রানা ও হামজা চৌধুরী দলের সমন্বয় রক্ষা করবেন। আক্রমণাত্মক মাঝমাঠে থাকবেন রাকিব হোসেন, শেখ মোরসালিন ও শুকি ইতোফুসাই। দলের হয়ে একক স্ট্রাইকার হিসেবে আক্রমণের নেতৃত্ব দেবেন ফারহান আলী ওয়াহিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ