ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাকার্তার জেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরা। মালয়েশিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা জামাল আজ ম্যাচের শুরু থেকেই নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।
মালয়েশিয়া ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শাকিল আহাদ তপু, সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম। তাঁদের জায়গায় খেলছেন জিদান ইউসুফ, জামাল ভূঁইয়া, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।
প্রথম ম্যাচে বাংলাদেশের মতো সিঙ্গাপুরও হেরেছে। ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা। ফলে দুই দলের জন্যই আজকের ম্যাচটি গ্রুপে টিকে থাকার লড়াই।
মেহেদী হাসান শ্রাবণ; সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ; হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোম; শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।