বাংলাদেশে নিজেদের রিটেইল ব্যাংকিং পোর্টফোলিও (খুচরা ব্যবসা) বিক্রির প্রস্তুতি নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এ ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরু হতে পারে আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে। এরই মধ্যে কয়েকটি স্থানীয় ব্যাংক এ ব্যবসা কিনতে আগ্রহ দেখিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে রিটেইল ব্যাংকিং থেকে ধীরে ধীরে সরে গিয়ে করপোরেট, প্রাতিষ্ঠানিক ও সম্পদশালী গ্রাহকদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। বাংলাদেশেও সেই কৌশলেরই প্রতিফলন ঘটতে পারে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পক্ষ থেকে রিটেইল ব্যবসা বিক্রির পরিকল্পনার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। সম্ভাব্য ক্রেতা কয়েকটি ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেছে প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পোর্টফোলিওর মূল্যায়নের জন্য বহিরাগত পরামর্শক নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে এখনো লেনদেনের সুনির্দিষ্ট কাঠামো, মূল্যায়ন পদ্ধতি ও সময়সূচি চূড়ান্ত হয়নি।