মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির চার দিনের বাংলাদেশ সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন। শনিবার রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
সকালে বনানীর ক্যাম্পাসে পৌঁছালে প্রো-ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরের শুরুতে তিনি ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং (আইআইএল)-এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট, ডিন ও ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করেন প্রফেসর সিতি হামিশাহ। এতে বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, আইআইএলের পরিচালক লে. কর্নেল নাজিম উদ্দিন আহমেদ (অব.), ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.) এবং রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ড. সিতি হামিশাহ। উন্মুক্ত এ আলোচনায় পাঠদান পদ্ধতি, কারিকুলাম ও ক্যাম্পাস জীবন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বিকেলে একই স্থানে ‘লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক পাবলিক লেকচার দেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট। এতে উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
লেকচারে প্রফেসর হামিশাহ বলেন, উচ্চশিক্ষায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটির কারিকুলাম এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে শুধু চাকরির জন্য গ্র্যাজুয়েট তৈরি না হয়ে তারা ভবিষ্যতে চাকরি সৃষ্টিকারী হিসেবেও গড়ে উঠতে পারে।
পাবলিক লেকচার অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান এবং মালয়েশিয়ান হাইকমিশনের হেড অব চ্যান্সারি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক প্রফেসর এ কে ইনামুল হক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এন এম মেশকায়েত উদ্দিন এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ইমাদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিকেল রেফারাল সেন্টার উদ্বোধন করেন প্রফেসর সিতি হামিশাহ। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এ রেফারাল সেন্টারের মাধ্যমে ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের মানুষ সাশ্রয়ী খরচে মালয়েশিয়ার ইউসিএসআই হাসপাতালে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির চার দিনের সফরে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। সফরকালে তিনি শিক্ষা, উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ও বাংলাদেশ ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন।