সম্প্রতি, গ্রীন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।
রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তির ফলে মেঘনা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা অনুযায়ী যোগ্য পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান এবং আইসিটি খাতের সম্ভাবনাময় উদ্যোগগুলোতে সহজ শর্তে অর্থায়ন করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান, এসইভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নরুন্নবী এবং অতিরিক্ত পরিচালক মোঃ তোহিদুল ইসলাম। পরিবেশবান্ধব উদ্যোগ, টেকসই অর্থায়ন ও আইসিটি খাতের প্রসারে মেঘনা ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় এই অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।