ঢাকা টু রংপুর অভিমুখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। ঢাকা-চট্টগ্রাম লং মার্চ কর্মসূচির পর এটি তাদের দ্বিতীয় বৃহত্তম কর্মসূচি।
এদিকে, জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা সৃষ্টি করা না হয়। আর কোনো উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে আমরা লং মার্চ সফল করবো।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি অভিমুখে লং মার্চে জনগণ, প্রশাসন, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, যানবাহনসহ বিভিন্ন মহলের সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে কর্মসূচির সংবাদ কাভার করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চ সফল করতে গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করা হয়েছে। সেখানে পাওয়া তথ্যানুযায়ী, পথসভা ও জনসভাগুলো সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, লং মার্চে আগে ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সরকারকে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।