1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

অনুমোদনহীন আবাসন প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ঢাকার সাভারে কৃষিজমি ও জলাশয় ভরাট করে রাজউকের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পের একটি দুইতলা সাইট অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিদ্যুৎ মিটার। একই সঙ্গে বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়।

রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজউক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পের অভ্যন্তরে কৃষি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুইতলা সাইট অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং প্রকল্পের বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়।

এ ছাড়া প্রকল্পটির পাশেই বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’-এর বিলবোর্ডও উচ্ছেদ করা হয়।

রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সাধারণ মানুষকে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা কিংবা বুকিং দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাজউক।

অভিযানে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মো. সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার, শাহীনুর রহমান ও তৌকির আহমেদসহ সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো ও সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। এ ছাড়া পল্লী বিদ্যুতের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ