দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। গতকাল এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ধানমন্ডি ক্রিকেট মাঠ ও ধানমন্ডি মাঠের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে আমাদের ক্রীড়া অফিসার আছে। আপনারা সবাই জানেন। কিন্তু উপজেলা পর্যায়ে কোনো ক্রীড়া অফিসার নেই, কোনো অবকাঠামোও নেই। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের নির্বাচনি ইশতেহার ছিল উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসারের পদ সৃজন করা। গতকাল অর্থ বিভাগ থেকে ৪৯৫টি উপজেলার উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের জন্য অনুমোদন হয়ে গেছে।