দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। সমকালের বরিশাল কার্যালয় থেকে সাংবাদিক পুলককের ঝুলন্ত লাশ উদ্ধারের তিন দিন পর এই টাকা পরিশোধ করা হলো।
গত ১৪ সেপ্টেম্বর পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়েছে বলে সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর পন্ডিত রোডে (প্যারাডালাই রোড) অবস্থিত সমকাল কার্যালয় থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। ওই পাঁচটি চিঠির মধ্যে একটিতে সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে উদ্দেশ করে, সম্ভব হলে সমকালের পাওনা টাকা তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
পুলক এর আগে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু বছর ধরে নগরীর গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।
পুলক স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে পুলক লিখেছেন, ‘আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।’
পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।