৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে দেশে ফিরে তিনি দাবি করেছেন, ঘটনার পর ভেনিসে থাকা তার নিজের সিনেমার টিমের সদস্যরাও তাকে একরকম বর্জন করেন।
রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে যান বাঁধন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হামলার পর ভেনিসে বিভিন্ন পর্যায় থেকে পাওয়া সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন বলেন, ‘ভেনিস ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর, ইতালি সরকার, আমাদের দেশের সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস আমাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে।’
তবে নিজের সিনেমার টিমের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও জানান তিনি। বাঁধনের ভাষ্য, ‘কিন্তু আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।’
তবে সহশিল্পীদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে জানান বাঁধন। হামলার পর বাংলাদেশ ও ইতালি সরকারের পক্ষ থেকে পাওয়া নিরাপত্তার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।
বাঁধন বলেন, ‘ইতালি সরকার, ওখানকার কালচারাল মিনিস্টার, আন্ডার সেক্রেটারি এবং পুলিশ ডিপার্টমেন্ট প্রতিদিন ২৪ ঘণ্টা প্রোটেকশন দিয়েছে।’ নিরাপত্তার কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও জানান তিনি।