নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এর দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যত সমস্যাই থাকুক না কেন, পাবনার যে নেতারা রয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টা সব সমস্যার সমাধান করে দেবে। পাবনাবাসীর সব চাওয়া-পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ব, ইনশাল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ অন্যান্যরা।
সভায় উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।