রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ-নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।
আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।
এ উপ-নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে। অপরদিকে আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানে লড়েছিলেন।