ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে ভারতের কাছ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তাঁর পক্ষে কাজ করলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।
এদিকে, বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আবেদন।