1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

এসব প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ সভা করেছেন।

সোমবার দুপুরে সাতক্ষীরা, ভোলা, কিশোরগঞ্জ, নওগাঁ, রংপুর ও ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।

এসব প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। টুঙ্গিপাড়ায় আত্মগোপনে থাকা অবস্থায় ২৪ অক্টোবর তার মৃত্যু হয়।

পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে জামায়াত সমর্থিত কর্মীরা আপত্তি জানান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ লাইনে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

পরবর্তী সময়ে গভীর রাতে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। এ মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন মানিক পশারী।

পরে ২০২৩ সালের ১৪ অগাস্ট রাতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।

বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা পাকা পোলের ওপর এই কর্মসূচি হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে শত শত মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোস্তফা নুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ, রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালুর রহমান, জাসদ (ইনু) জেলা সহসভাপতি আশেক ই এলাহি, সিপিবি নেতা আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি আজও তাদের ক্ষুধার্ত হায়নার রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করেছে।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি হয়েছে।

সোমবার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান, আমির হোসেন বাচ্চু, মোহাম্মদ সাদেক, মাহফুজুর রহমান, নুরুল আমিন শাহাজান ও সিদ্দিকুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি কমান্ডের ব্যানারে এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য জাহাঙ্গীর কবীর, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব সত্যবান সেনগুপ্ত।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

সোমবার দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চ চত্বরে এ কর্মসূচি হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে জেলার ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বক্তারা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী, গিয়াস উদ্দিন, করিমগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল মান্নান দুলাল শিকদার, হোসেনপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব দেলোয়ার হোসেন মজলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা নরুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদউল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সারওয়ার আলম মাসুদ, সহসভাপতি শরিফ মিয়া ও উপদেষ্টা জামিল আনসারী।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা কমান্ডের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ