ভারতীয় পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল বুধবার এ প্রস্তাবের বিষয়ে জানায় ওয়াশিংটন। তবে ভারতের উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারত সরকার বলেছে, দেশটির কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) জারি করা নোটিশ এবং মতামত আহ্বানের বিষয়টি তারা পর্যালোচনা করছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত কার্যক্রম, নীতি ও পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় ভারতসহ ১৪টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।’
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত নিজের প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে, দেশটির বাজারে প্রবেশ করা কঠিন এবং শ্রমিকদের যথেষ্ট সুরক্ষা দেওয়া হয় না। ওয়াশিংটনের দাবি, এসব কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এই তদন্ত শুরু করে। এতে ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়। এসব অর্থনীতি অতিরিক্ত পণ্য উৎপাদনে উৎসাহ দেয় কি না, তা কয়েক মাস ধরে পরীক্ষা করেছে দপ্তরটি। যুক্তরাষ্ট্রের দাবি, অতিরিক্ত উৎপাদনের কারণে পণ্যের দাম কমে যায় এবং মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যার মূল লক্ষ্য উৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়া, মজুরি ও শ্রমিকদের অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া, বাজারভিত্তিক নয় এমন উপকরণ ব্যবহার এবং বাজারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা। এসব পদক্ষেপ তাদের পক্ষে বাণিজ্য ভারসাম্য ঘুরিয়ে দিচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল করছে।’
‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের কার্যক্রম, নীতি ও পদক্ষেপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু খাতে ভারত যুক্তরাষ্ট্রের কাছে যত পণ্য বিক্রি করে, তার চেয়ে কম পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনে।
ইউএসটিআর বলেছে, ‘ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পণ্যের মতো খাতে ভারত বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করে। এতে গুরুত্বপূর্ণ কিছু খাতে ভারতীয় উৎপাদনের ওপর নির্ভরশীলতা প্রকাশ পায়।’ শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের আওতায় পড়বে। চীনসহ অন্যান্য দেশের ওপর ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে যেসব দেশের ইতিমধ্যে বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের শুল্কের হার তুলনামূলক কম হবে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এই হারের মধ্যে সাধারণ আমদানি শুল্কও অন্তর্ভুক্ত। আর ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।
এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপক বাণিজ্য শুল্ক বাতিল করে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এসব শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ৩০১ ধারায় দুটি তদন্ত শুরু করে।
এর মধ্যে একটি তদন্তে প্রায় ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে ৬০টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানির নিয়ম লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্য তদন্তটি ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদনে উৎসাহ দেওয়ার অভিযোগ নিয়ে।
সুপ্রিম কোর্টের রায়ের কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা আবার নতুন করে শুরু করতে হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ যে বাণিজ্য কাঠামো চূড়ান্ত করেছিল, শুল্ক বাতিলের পর সেটি আবার আলোচনার টেবিলে ফিরে আসে। বর্তমানে দুই দেশ একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, ‘ভারতের অবস্থান হলো, বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগের সমাধান চলমান আলোচনার কাঠামোর মধ্যেই করা উচিত। ভারত সরকার ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ২৫ জানুয়ারি জনশুনানির দিন নির্ধারণ করেছে। এ বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। এসব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শুল্কের প্রস্তাবটি আলোচনার জন্য উন্মুক্ত থাকবে।