বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হ্যাঁ, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় আমরা ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’
তবে কোন কোন দেশে এসব ক্রয়াদেশ গেছে কিংবা কোন ক্রেতারা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়েছেন, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর মতো ক্রেতারা বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশে সরিয়ে নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। তিন কারখানার মালিকের বরাতে রয়টার্স জানিয়েছে, এসব ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত।
এ ছাড়া সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
মাহমুদ হাসান খান বলেন, ‘ক্রয়াদেশ সরিয়ে নেওয়ায় আমরা ক্রেতাদের দোষ দিতে পারব না। কারণ, আমাদের অনেকেই তাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতি ও ক্রয়াদেশ স্থানান্তরের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে বিজিএমইএ। আজ শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।
গত সপ্তাহে বিক্ষোভের প্রথম ১৮ দিনের ক্ষয়ক্ষতির আংশিক হিসাব প্রকাশ করেছিল সংগঠনটি। তখন বিজিএমইএ জানায়, নভেম্বরে প্রথম ১৮ দিনের আন্দোলনে ৩১৭টি পোশাক কারখানার ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার বেশি।
এ ছাড়া, স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা, ব্র্যান্ড ও ক্রেতারা ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
সংগঠনটির হিসাব অনুযায়ী, ক্রেতাদের আস্থায় চিড় ধরায় নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। নভেম্বরে ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হওয়া ৩১৭টি কারখানার ওপর জরিপ চালিয়ে এসব তথ্য সংগ্রহ ও প্রকাশ করেছে বিজিএমইএ।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয় খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনটি বলছে, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি। কারণ, ছয়শর বেশি ক্ষতিগ্রস্ত কারখানার মধ্যে জরিপে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র কয়েকটি কারখানা। এ ছাড়া হিসাব করা হয়েছে বিক্ষোভের প্রথম ১৮ দিনের ক্ষতি, অথচ আন্দোলন তখনো চলছিল।
বিজিএমইএর মতে, দেশের ও শিল্পের ভাবমূর্তির ওপর বিক্ষোভের প্রভাব এখনো অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পাওয়া যায়নি। ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া এরই মধ্যে সেই প্রভাবের দৃষ্টান্ত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ আয় ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। এই প্রবৃদ্ধি শ্রমিক বিক্ষোভ শুরুর আগের সময়ে এসেছিল বলে জানিয়েছে বিজিএমইএ।