চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় দেখতে পাচ্ছেন না বলে দাবি ভুক্তভোগীর।
আহত সজিব হাওলাদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।
আহত সজিব হাওলাদার (২৩) ওই গ্রামের প্রয়াত ফজর আলী হাওলাদারের ছেলে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সজিবের দাবি, ঢাকার সদরঘাট এলাকার একটি পলিথিন কারখানায় চাকরি করেন তিনি। দুই দিন আগে তিনি বাড়িতে আসেন। বুধবার রাতে একই এলাকার ২০ থেকে ৩০ জন ব্যক্তি বাড়িতে গিয়ে তার খোঁজ করেন।
এক পর্যায়ে হামলাকারীরা বাইরে থেকে তার অসুস্থ মায়ের দিকে লাকড়ি ছুড়ে মারেন। তখন সজিবের দা দিয়ে একজনকে কুপিয়ে জখম করেন। এরপর সবাই মিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে মাটিতে ফেলে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন।
তিনি বলেন, ঘটনার পর হামলাকারীদের কেউ তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সজিবের ভাবি নাসরিন বলেন, “রাতে ৩০ থেকে ৪০ জন লোক সজিবকে খুঁজতে বাড়িতে আসেন। এ সময় সজিব বাড়িতে নেই বলে জানানো হয়। পরে সজিব নিজেই ঘর থেকে বেরিয়ে তাদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে সবাই মিলে সজিবকে মারধর করে দুই চোখ উপড়ে ফেলে।”
তিনি বলেন, সজিবের সঙ্গে আগে থেকেই স্থানীয় লোকজনের বিরোধ রয়েছে। কুপিয়ে জখমের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
অন্যদিকে হামলার কারণ হিসেবে সজিবের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা জামাল খান।
জামালের অভিযোগ, “পূর্বে স্থানীয় শিক্ষক মো. আলম ও পিন্টুকে কুপিয়ে জখম করেছেন সজিব। ঘটনার রাতে কোনো কারণ ছাড়াই আমার ছেলে রাকিবকে কুপিয়ে জখম করেন সজিব। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সজিবের বাড়িতে যান। এরপর কী ঘটেছে, তা জানা নেই।”
টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন সজিব নিজেই। তিনি বলেন, এক বছর আগে স্থানীয় এক ব্যক্তি তাকে ১০ হাজার টাকা দিয়েছিলেন পিন্টু নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার জন্য।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে; যা বর্তমানে বিচারাধীন। তবে মাদক ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সজিব।
ওসি আদিল হোসেন বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। এক কর্মকর্তাকে পাঠিয়েছি ঘটনার বিষয়টি জানতে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক