নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দুটি আন্তনগর ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে, গোপালগঞ্জ এড়িয়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকল্প রুটে একটি ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল বন্ধ থাকবে। আগামী ২৮ নভেম্বর থেকে এই ট্রেন দুটির বগি ব্যবহার করে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ অল্টারনেটিভ এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের ওপর দিয়ে যাবে না।
গতকাল বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে মহাপরিচালকের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
চিঠিতে বলা হয়েছে, খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫/৮২৬) এবং ঢাকা-বেনাপোলের রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮) গত ১৯ নভেম্বর থেকে প্রতিদিন বাতিল করতে হচ্ছে। বারবার যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। এতে জটিলতা বাড়ছে ও আর্থিক ক্ষতি হচ্ছে। যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন।
খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু রাখা, ট্রেনের বগিগুলোর সদ্ব্যবহার এবং আর্থিক ক্ষতি কমাতে এই বিকল্প ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে সোমবার।
বিকল্প এই রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে।
এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে দুটি ট্রেনের চলাচল স্থগিত এবং অন্য দুটির রুট সংক্ষিপ্ত করেছিল রেলওয়ে। এর মধ্যে ঢাকা-গোপালগঞ্জ রুটের ‘অভিযাত্রী কমিউটার’ বন্ধ রাখা হয়। এ ছাড়া রাজশাহী-গোবরা রুটের ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এবং রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেনের চলাচল রাজবাড়ীর কালুখালী পর্যন্ত সীমিত করা হয়।