শীর্ষ ছয় তারকাকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিলো দক্ষিণ আফ্রিকা। এবার সেই দল থেকেও আরও দুজন ছিটকে গেছেন—চোটের কারণে ঘরের মাঠে আসন্ন সাদা বলের সিরিজ থেকে ছিটকে পড়েছেন দুই পেসার জেরাল্ড কোয়েৎজে ও কোয়েনা মাফাকা।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই স্কোয়াডেই ছিলেন কোয়েৎজে। অন্যদিকে মাফাকা ছিলেন টি-টোয়েন্টি দলে। তবে চোটের কারণে সিরিজ শুরুর আগেই তাদের দল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে লায়ন্সের হয়ে খেলার সময় অ্যাডাক্টরের চোটে পড়েন কোয়েৎজে। চোট গুরুতর হওয়ায় বাংলাদেশের বিপক্ষে দুই সংস্করণের সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ডানহাতি পেসার।
অন্যদিকে আগে থেকেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। কিন্তু অনুশীলনের সময় নতুন করে তার চোটের অবনতি ঘটে। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের একদিনের সিরিজের স্কোয়াড থেকেও তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাসহ কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ম্যাথিউ ব্রিটজকেকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছিলো প্রোটিয়ারা। কেশব মহারাজের নেতৃত্বাধীন ওয়ানডে দল এবং বিয়ন ফরটুইনের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে এবার কোয়েৎজে ও মাফাকার অনুপস্থিতিতে বোলিং আক্রমণের শক্তি আরও কিছুটা কমল।
এই দুই পেসারের ছিটকে যাওয়ায় কপাল খুলেছে নতুনদের। কোয়েৎজের বদলি হিসেবে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইথান বশ এবং এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে ব্যাসনকে। পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 'এ' দলে মাফাকার জায়গায় যোগ করা হয়েছে বায়ান্দা মোজোলা ও ওকুহলে সেলেকে।
আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর যথাক্রমে ইস্ট লন্ডন, পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।